আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা আতঙ্কের কারণে গত মঙ্গলবার রাতে প্যারিসের আইফেল টাওয়ার ও পার্শ্ববর্তী পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। অবশ্য পরে তল্লাশি চালিয়ে সেখানে কোনো বোমা পাওয়া যায়নি।প্যারিসের পুলিশ জানায়, আইফেল টাওয়ারের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোম্পানির কাছে রাত প্রায় আটটা ২০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন আসে। ফোনে বলা হয়, আইফেল টাওয়ারে বোমা পাতা আছে।পুলিশ জানায়, পুলিশের কয়েকটি বিশেষ ইউনিট আইফেল টাওয়ারের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালায়। তল্লাশির সময় কুকুর ব্যবহার করা হয়।পুলিশের এক কর্মকর্তা জানান, বোমা-সতর্কতার সময় আইফেল টাওয়ার এলাকায় প্রায় ২৫ হাজার মানুষ ছিল। কিন্তু রাত নয়টার আগেই তারা শান্তভাবে এলাকা ত্যাগ করে।আইফেল টাওয়ার এলাকা থেকে সরিয়ে নেওয়া ফরাসি ও বিদেশি পর্যটকদের কাছের সিন নদীর তীরে অবস্থান করতে অনুরোধ করা হয়। লোকজনকে সরিয়ে নেওয়ার পর নিরাপত্তাকর্মীরা আইফেল টাওয়ার এলাকা ঘিরে ফেলেন।টাওয়ারের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে প্যারিসের কেন্দ্রস্থলে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষে ঘেরাও তুলে নেওয়া হয় এবং আইফেল টাওয়ারের কর্মীদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আসার জন্য টাওয়ার এলাকায় ঢুকতে দেওয়া হয়।পুলিশের এক কর্মকর্তা জানান, আইফেল টাওয়ারে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি। এটা ছিল ভুয়া সতর্কবার্তা।বোমা আতঙ্কে প্যারিসের একটি রেলস্টেশনও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এএফপি ও টেলিগ্রাফ।