আইফোন ব্যবহার করতে পারেন না ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর আইফোনের খ্যাতি বিশ্বজুড়ে। কিন্তু স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই সেই স্মার্টফোন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত।
হোয়াইট হাউসে গত বুধবার একদল তরুণের সঙ্গে আলাপকালে বারাক ওবামা স্বীকার করেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে আইফোন ব্যবহার করতে দেওয়া হয় না। তবে তাঁর দুই মেয়ে সাশা ও মালিয়া নিজেদের আইফোন নিয়ে প্রচুর সময় কাটায়।
স্বাস্থ্য পরিচর্যা আইনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটি অনুষ্ঠানে তরুণ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। এ সময় তিনি একটি সুরক্ষিত ও ভারী ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করার কারণ ব্যাখ্যা করেন। ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ফোন ব্যবহারে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত থাকে। এ কারণেই ফোনটি ওয়াশিংটন ডিসির কর্মকর্তাদের মধ্যে বিশেষ জনপ্রিয়। আবার এটিও ঠিক, অ্যাপলের আইফোনসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন বর্তমান বাজারে তুলনামূলক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ওবামার ফোনটির নিরাপত্তাব্যবস্থাও সম্প্রতি যাচাই করে দেখা হয়েছে। এএফপি।