নববর্ষ উদ্যাপন করতে গিয়ে রক্তাক্ত হলো আইভরি কোস্টের প্রধান শহর আবিদজান। পদদলিত হয়ে সেখানে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আড়াই শতাধিক লোক।পুলিশ জানায়, আবিদজানের কেন্দ্রস্থলে একটি স্টেডিয়ামে নববর্ষের প্রথম লগ্নে আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই প্রদর্শনী দেখতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিল। প্রদর্শনী শেষে ভোররাতে হুড়োহুড়ি লেগে গেলে পদদলিত হওয়ার এই ঘটনা ঘটে। তবে কেন হুড়োহুড়ি শুরু হয়, তা জানা যায়নি। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।এদিকে নববর্ষ উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে দুর্ঘটনায় ইতালিতে দুজন এবং ফিলিপাইনে গুলি লেগে একজন মারা গেছে। আহত হয়েছে কয়েক শ মানুষ।ইতালির পুলিশ জানায়, একটি অবিস্ফোরিত আতশবাজি উড়ে এসে মুখের ওপর পড়লে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। একইভাবে মারা গেছেন ৫১ বছর বয়সী এক রেস্তোরাঁর মালিক। দুটি ঘটনাই দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া শহরে ঘটেছে। এ ছাড়া নাপলি শহরে আতশবাজিবাহী একটি গাড়িতে বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছে। পৃথক ঘটনায় নাপলিতে আহত হয়েছে আরও দুজন।নববর্ষে ইতালিতে সবচেয়ে বড় উৎসব হয়েছে রাজধানী রোমে। সেখানে একটি কনসার্টে তিন লাখ মানুষ অংশ নেয়। এ ছাড়া ভেনিসে আরেকটি কনসার্টে অংশ নেয় ৭০ হাজার মানুষ।ফিলিপাইনের পুলিশ জানায়, ম্যানিলার উপকণ্ঠ মান্দালুইয়ং জেলায় বাড়ির বাইরে খেলা করার সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী এনরিক ওনা জানান, আতশবাজি ফোটাতে গিয়ে সারা দেশে চার শতাধিক লোক আহত হয়েছে।নববর্ষ উপলক্ষে সারা বিশ্বে সম্ভবত সবচেয়ে বড় উৎসব হয়েছে নিউইয়র্কের টাইমস স্কয়ারে। অন্তত ১০ লাখ মানুষ সেখানে জড়ো হয়ে নেচে-গেয়ে বর্ষবরণ করে। টেলিভিশনে প্রায় ১০০ কোটি লোক এই উৎসব উপভোগ করে। এএফপি ও বিবিসি।