আইভরি কোস্টে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট নেওয়া হয়েছে। তবে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি দেশটির সাবেক প্রেসিডেন্ট লরা বাগবো। ২০০০ সালের পর এই প্রথম দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রায় ৫০ লাখ ৭০ হাজার ভোটার স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দেন। নির্বাচনে আন্তর্জাতিক ১৫০ জন এবং আইভরি কোস্টের তিন হাজার পর্যবেক্ষক ছিলেন। এ সপ্তাহের মাঝামাঝি ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা রয়েছে।নির্বাচনের সময় নিরাপত্তা দিতে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ২৫ হাজার সদস্য ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাত হাজার সদস্য মোতায়েন করা হয়। দেশটির নির্বাচন কমিশনের তথ্যানুসারে, পার্লামেন্ট নির্বাচনে ২৫৫টি আসনের জন্য প্রায় এক হাজার প্রার্থী লড়াই করছেন।জাতিসংঘ মিশনের প্রধান বার্ট কোয়েনডারস বলেন, সংঘর্ষ, ভীতি প্রদর্শন বা বাধা দেওয়ার চেষ্টা করা হলে তা কোনোভাবে সহ্য করা হবে না।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে লরা বাগবোর বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া চলছে। এ জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি।গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে আলাসেন ওয়াতারা ও লরা বাগবো দুজনই নিজেদের বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে দেশটিতে প্রচণ্ড বিশৃঙ্খলা ও সংঘর্ষ হয়। এতে প্রায় তিন হাজার মানুষ মারা যায়। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করা হলেও বাগবো ক্ষমতা ছাড়তে রাজি হননি। গত এপ্রিলে ফ্রান্স ও জাতিসংঘের সেনাদের সহযোগিতায় ওয়াতারার সমর্থকদের হাতে প্রেসিডেন্ট ভবনে ধরা পড়েন বাগবো। এরপর ওয়াতারা ক্ষমতায় আসেন। এএফপি ও রয়টার্স।