আইভরি কোস্টে সহিংসতায় বান কি মুনের উদ্বেগ
আইভরি কোস্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগনোয়ায় গত শুক্রবার পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটির সব রাজনৈতিক দলকে হুঁশিয়ার করে দিয়ে জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে বান কি মুন এসব কথা বলেন।হাসপাতাল সূত্র জানিয়েছে, গত শুক্রবারের সংঘাতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত মানুষের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।ভোটার তালিকা নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় প্রেসিডেন্ট লরেন্ট বাগবো এক সপ্তাহ আগে সরকার এবং নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেন। নির্বাচন কমিশন পুনরায় প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দলগুলো বিক্ষোভ করছে।সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, এমন কোনো খবর প্রকাশ না করতে আইভরি কোস্টের গণমাধ্যমকে আহ্বান জানান বান কি মুন। সেই সঙ্গে সব রাজনৈতিক পার্টির সদস্য ও সরকারকে সংঘাতের পথ পরিহার করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি। এ ছাড়া বান কি মুন সে দেশের সব নাগরিককে শান্ত থাকতে বলেন। এএফপি।