আইভরি কোস্টে সাত শান্তিরক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর অতর্কিত সশস্ত্র হামলায় নাইজারের সাত সেনা নিহত হয়েছেন। গত শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাইবেরিয়ার সীমান্তসংলগ্ন প্রত্যন্ত এলাকায় এ হামলা চালানো হয়। এদিকে গতকাল শনিবার জাতিসংঘের একজন মুখপাত্র জানান, একই এলাকায় সশস্ত্র হামলাকারীরা এক নারীসহ অন্তত আট বেসামরিক লোককে হত্যা করেছে। শান্তিরক্ষী হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন হুঁশিয়ারি দিয়েছেন, ‘এখনো সেখানে শান্তিরক্ষীরা বিপদের মধ্যে রয়েছেন।’ তিনি বলেন, ‘হামলার শিকার হওয়ার পরও ওই প্রত্যন্ত এলাকায় এখনো ৪০ জনের বেশি শান্তিরক্ষী সশস্ত্র দুর্বৃত্তদের হাত থেকে গ্রামের বাসিন্দাদের রক্ষার চেষ্টা করছেন।’ একই সঙ্গে তিনি নাইজার সরকারের প্রতি সমবেদনা জানান ও হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে আইভরি কোস্টের সরকারের প্রতি আহ্বান জানান।কর্মকর্তারা জানান, ওই অঞ্চলের কয়েকটি সম্প্রদায়ের মানুষের ওপর হামলার গুজব শোনার পর ‘তাই’ ও ‘পারা’ নামের দুটি গ্রামের আশপাশের এলাকায় টহল দিচ্ছিলেন শান্তিরক্ষীরা। এ সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।পারা গ্রামের এক বাসিন্দা জানান, ‘গ্রামের বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। অনেকে জঙ্গলে পালিয়ে গেছেন। কেউ কেউ লাইবেরিয়ার দিকে রওনা হয়েছেন।’আইভরি কোস্টের উপপ্রতিরক্ষামন্ত্রী পল কোফি কোফি জানান, হামলাকারীরা লাইবেরিয়া থেকে এসে শুক্রবারের হামলা চালিয়েছে। এ ঘটনায় আইভরি কোস্টের অন্তত দুই সেনা ও এক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। আইভরি কোস্টের গৃহযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিরসনে সহায়তার জন্য ২০০৪ সালে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী পাঠায় জাতিসংঘ। এএফপি।