আইভরি কোস্টে ২৪ ঘণ্টায় শতাধিক লাশের সন্ধান
আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই অঞ্চলে ২৪ ঘণ্টায় শতাধিক লাশ পাওয়া গেছে। গত সপ্তাহে ওই এলাকা দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবোর বাসভবনের দিকে অগ্রসর হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার অনুগত সেনারা। কয়েক দিন ধরে আবিদজানের বাসভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন বাগবো। ওয়াতারা গত বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে দেশের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সেনারা বাগবোকে অবরোধ করে রেখেছে। ভাষণে তিনি আইভরি কোস্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কলভিলে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বলেন, মানবাধিকার কমিশনের তদন্ত দল আইভরি কোস্টে তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলের তিনটি স্থানে শতাধিক লাশ দেখতে পেয়েছে। তিনি বলেন, ‘মনে হয়েছে, জাতিগত কারণে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ রুপার্ট কলভিলে জানান, তদন্ত দল ব্লোলেকুইন এলাকায় ৪০টি লাশ দেখতে পায়। এর পাশের শহর গুইগলোতে দেখতে পায় ৬০টিরও বেশি লাশ। নিহত ব্যক্তিদের অনেকে আইভরি কোস্টের নাগরিক বলে মনে হয়নি। তাদের পশ্চিম আফ্রিকার অন্য দেশের নাগরিক বলে মনে করছেন তদন্ত দলের কর্মকর্তারা। তদন্ত দলের সদস্যরা ডুয়েকুয়ে এলাকায় ১৫টি লাশ দেখতে পান। এসব লাশ এর আগে শহরটিতে পাওয়া ২২৯টি লাশের হিসাবের বাইরে। কলভিলে জানান, লাশগুলো দেখে মনে হয়েছে কাউকে জীবন্ত পুড়িয়ে, কাউকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, আইভরি কোস্টে রাজনৈতিক অচলাবস্থার কারণে সম্প্রতি ওই অঞ্চলে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। আলাসেন ওয়াতারা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বিভিন্ন স্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের খবর পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা হবে। এসব ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার অবশ্যই শাস্তি পেতে হবে। আচরণের দিক থেকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন, সব ধরনের অপরাধ থেকে দূরে থাকা এবং জনগণের বিরুদ্ধে কোনো ধরনের সহিংস আচরণ না করতে অনুগত সেনাদের প্রতি আহ্বান জানান তিনি। বাগবো এখনো তাঁর বাসভবনে অবরুদ্ধ রয়েছেন। ওয়াতারার সেনারা ওই বাসভবন ঘিরে রেখেছে। ওয়াতারা চান, তাঁর প্রতিদ্বন্দ্বী বাগবোকে জীবিত অবস্থায় আটক করা এএফপি, বিবিসি, রয়টার্স।