আইরিনে ৫০ লাখ বাড়ি বিদ্যুৎ হীন, পানি নামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইরিনে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। চার দিনের টানা ঘূর্ণিঝড়ে আটটি অঙ্গরাজ্যে এ পর্যন্ত ২১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ছয়জন, ভার্জিনিয়ায় চারজন এবং পেনসিলভানিয়ায় চারজনের প্রাণহানি ঘটেছে। নজিরবিহীন পূর্ব সতর্কতার কারণে প্রাণহানির ঘটনা কম হয়েছে বলে মনে করা হচ্ছে।পেনসিলভানিয়া, নিউইয়র্ক ও নিউ জার্সির অনেক জায়গা থেকে এখনো বন্যার পানি নামেনি। ৫০ লাখ বাড়িঘর এখনো বিদ্যুৎ বিহীন। ঘূর্ণিঝড়-আক্রান্ত নিউ জার্সির অধিকাংশ এলাকায় বাড়িঘরের নিম্নাঞ্চলে পানি উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পানি সরানো দুরূহ হয়ে উঠেছে। বন্যার কারণে প্রধান প্রধান সড়ক গতকাল পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি।হারিকেন আইরিনের তাণ্ডবে মূল ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। বিভিন্ন বিমা কোম্পানি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নির্ধারণে মাঠে নেমেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা কেন্দ্রীয় বরাদ্দ অবমুক্ত করেছেন। প্রাথমিক হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ কোটি মার্কিন ডলার হতে পারে।প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হারিকেন আইরিনের তাণ্ডব শেষ হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। তবে নর্থ ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উদ্ধার তৎ পরতা শুরু হয়েছে। বিভিন্ন নগরকেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন।আটলান্টিক সিটি থেকে সরে আসা লোকজন গত রোববার বিকেলেই ঘরে ফিরেছেন। এদের একজন বাংলাদেশি আলতাফুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, সতর্ক সংকেত পেয়েই গত শুক্রবার তাঁরা সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। দুই দিনের উদ্বেগ-উৎ কণ্ঠার পর গতকালই তাঁরা ফিরে এসেছেন। অন্যান্য বাংলাদেশি পরিবারও আটলান্টিক সিটিতে ফিরে এসেছেন বলে তিনি জানান।ভার্জিনিয়া থেকে বাংলাদেশি রাহবিন চৌধুরী জানান, ঘূর্ণিঝড়কবলিত এলাকায় বাংলাদেশি লোকজন নিরাপদেই ছিল। সেখানে বাংলাদেশি কোনো পরিবারে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।নিউইয়র্কের সব জনপরিবহন গতকাল সোমবার থেকে পর্যায়ক্রমে চালুর কথা ছিল। জন এফ কেনেডি বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরও একই সময়ে চালু হওয়ার কথা। স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।