আইসক্রিমের উভচর যান
বিশ্বের প্রথম আইসক্রিম বিক্রির উভচর গাড়ি যুক্তরাজ্যের অবকাশ কেন্দ্র ও নৌপথে ঘুরে বেড়াচ্ছে। উভচর এ গাড়ির নাম এইচএমএস ফ্লেক ৯৯। গত বুধবার এটি টেমস নদীতে ঘুরে বেড়ায়।জাতীয় আইসক্রিম সপ্তাহ উদ্যাপন এবং জ্বালানির মূল্যবৃদ্ধি ও ‘প্রশাসনের লাল ফিতার দৌরাত্ম্যের মধ্যে’ ভ্রাম্যমান আইসক্রিম দোকানের দুরবস্থার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ওই যানটি তৈরি করা হয়। আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো জানায়, গত ৫০ বছরে সড়কে তাদের ব্যবসা অনেক কমে গেছে। এ সময় আইসক্রিমের গাড়ির সংখ্যা ২০ হাজার থেকে মাত্র পাঁচ হাজারে নেমে এসেছে। এ ছাড়া আবাসিক এলাকা, উদ্যান ও বিদ্যালয়ের বাইরে আইসক্রিম বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইসক্রিমের ঘণ্টা বাজার কারণে শব্দদূষণ এবং শিশুদের স্থূলতা রোধের জন্য ওই কড়াকড়ি আরোপ করা হয়। একই সঙ্গে আইসক্রিমের গাড়িচালকদের নিবন্ধন ফিও বাড়ানো হয়েছে। এ ছাড়া দুধ, চিনি ও পেট্রলের মূল্যবৃদ্ধির কারণে হুমকির মধ্যে পড়েছে আইসক্রিম শিল্প। ডেইলি মেইল অনলাইন।