আওলাকিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা আনোয়ার আল-আওলাকিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। দেশের একজন নাগরিককে বিনা বিচারে হত্যা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। চলমান জঙ্গি নিধন অভিযান, নাগরিক অধিকার ও আইনগত প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে মার্কিন সমাজ।জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক আনোয়ার আল-আওলাকিকে গত শুক্রবার ইয়েমেনে হত্যা করা হয়েছে। মার্কিন চালকবিহীন বিমান হামলায় নিহত হন তিনি। একই হামলায় নিহত হন সমির খান নামের অপর এক মার্কিন নাগরিক।নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানে পঞ্চম সংশোধনীতে নাগরিকদের জীবন, স্বাধীনতা ও সম্পদ রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আদালতের বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো নাগরিককে হত্যার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের সংবিধানে।আল-আওলাকিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠনগুলো এবং মুসলমান-আমেরিকানদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেবল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একজন ভিন্নমতাবলম্বীকে হত্যা করা হয়েছে। আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার না করে কোনো নাগরিককে এভাবে হত্যা করা যুক্তরাষ্ট্রের সংবিধানবিরোধী বলে মনে করে নাগরিক অধিকার সংগঠনগুলো।আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের উপপরিচালক জামিল জাফর বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে যুদ্ধক্ষেত্র থেকে দূরত্বে অবস্থানকারী একজন নাগরিককে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। কোনো বিচার ছাড়াই সরকারের পক্ষ থেকে এই হত্যার অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রে সমস্ত তথ্য-উপাত্ত শুধু জনগণই নয়, আদালতের কাছেও গোপন রাখা হয়েছে।ওবামা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে আনোয়ার আওলাকি (৪০) শত্রুপক্ষে যোগ দিয়েছেন। গত বছরই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্যান্য আল-কায়দা নেতার মতোই তাঁকেও হত্যা করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।ওবামা-প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০০৯ সালে ডেট্রয়েটগামী বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনার নেপথ্যে ছিলেন আওলাকি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধরত শত্রুপক্ষ আল-কায়দার একজন যোদ্ধা তিনি। এসব কারণেই তাঁকে হত্যা করা হয়েছে।আনোয়ার আওলাকি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে তিনি বাবা-মায়ের সঙ্গে ইয়েমেনে চলে যান। ১৯ বছর বয়সে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। কলরাডো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলবিজ্ঞানে ডিগ্রি নেন এবং ইতিমধ্যে ধর্মীয় সভায় সুবক্তা হিসেবে খ্যাতিমান হয়ে ওঠেন। ডেনভার, সানডিয়াগো, ভার্জিনিয়া ও ওয়াশিংটনে মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ধর্মীয় বক্তৃতা মার্কিন তরুণ মুসলমানদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ২০০২ সালে তিনি ইয়েমেনে চলে যান।ওবামা বললেন, আল-কায়েদার জন্য বড় ধাক্কা: রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ওবামা আল-কায়েদার ইয়েমেন শাখার মার্কিন বংশোদ্ভূত নেতা আনোয়ার আল আওলাকির মৃত্যুকে সংগঠনটির জন্য এক বড় আঘাত হিসেবে অভিহিত করেছেন। গত শুক্রবার তিনি এই মন্তব্য করেন।