আকস্মিক ইরাক সফরে কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল রোববার পূর্বঘোষণা ছাড়াই ইরাক সফরে গেছেন। সফরকালে তিনি সিরীয় সংঘাতের বিষয়ে বৃহত্তর সহযোগিতা করতে দেশটিকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার সরকারের উদ্দেশে অস্ত্র ও যোদ্ধা বহনকারী ইরানের কোনো বিমান যাতে ইরাকের ওপর দিয়ে যেতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকিসহ শীর্ষনেতাদের প্রতি আহ্বান জানাবেন কেরি। এ ধরনের বিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় গেলেও ইরাক তা না দেখার ভান করছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। তবে ইরানের দাবি, তারা সিরিয়ায় কেবল মানবিক সাহায্য পাঠাচ্ছে।এ ছাড়া সফরকালে কেরি ইরাকে গণতান্ত্রিক সংস্কার নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইরাকে বিদেশি বাহিনীর আগ্রাসনের ১০ বছর পূর্তির কয়েক দিনের মাথায় দেশটিতে সফরে গেলেন কেরি। রয়টার্স ও বিবিসি।