প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৫০ জনের বেশি মানুষ মারা গেছে৷ বন্যায় শত শত বাড়িঘর ভেসে গেছে৷ আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ৷ কর্মকর্তারা গতকাল শনিবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ ভূমিধসে ৩০০ মানুষের মৃত্যুর ঘটনার মাস না পেরোতেই বাঘলান প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এই অঞ্চলে বন্যায় এত মানুষের প্রাণহানি হলো৷ বাঘলান পুলিশের মুখপাত্র জাওয়েদ বাশারাত বলেন, লোকজন তাদের বাড়িঘর, সম্পত্তি, গ্রাম, কৃষিজমি, গরু-ছাগলসহ সবকিছু হারিয়েছে৷ তাদের খাওয়ার মতো পানিটুকুও নেই৷ তিনি বলেন, দুর্গত মানুষকে জরুরিভিত্তিতে পানি, খাদ্যসামগ্রী, কম্বল ও তাঁবু সরবরাহ করা দরকার৷ এএফপি৷