আকস্মিক বন্যায় ইতালিতে ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সার্দিনিয়া দ্বীপে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। শত শত মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় গভর্নর গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
অবকাশ যাপনের দ্বীপ হিসেবে সুপরিচিত সার্দিনিয়া। আকস্মিক বন্যায় সেখানে অনেক বাড়িঘর তলিয়ে যায়। কয়েকটি সেতুও ভেসে যায়। গত সোমবার থেকেই ভারী বর্ষণ ও প্রবল বাতাস শুরু হয়। স্থানীয় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা বলেন, তিনি সার্দিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণার জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন। মানুষের জীবন বাঁচানোকেই এখন সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্র হিসেবে জনপ্রিয় বন্দরনগর ওলবিয়ার অধিকাংশ হোটেল ও বিনোদনকেন্দ্র বন্যায় তলিয়ে গেছে। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক জিয়ানফ্রাঙ্কো গালাফু বলেন, গোটা দ্বীপে বন্যায় প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।