মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজের অনুসন্ধানে আকাশপথে চলা অভিযান গতকাল মঙ্গলবার স্থগিত করা হয়েছে। ভারত মহাসাগরের অনুসন্ধান এলাকায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে সাময়িকভাবে এই অভিযান স্থগিত করা হয়। তবে অভিযানে অংশগ্রহণকারী ১০টি জাহাজ অনুসন্ধান চালিয়ে যাবে বলে গতকাল কর্মকর্তারা জানান।
বোয়িং ৭৭৭-এর ভাগ্য সম্পর্কে নিশ্চিত হতে এর সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধারের আশায় ভারত মহাসাগরের এক বিশাল এলাকাজুড়ে বেশ কিছুদিন ধরেই জাহাজের পাশাপাশি সামরিক বিমান অভিযান চালাচ্ছে। গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশীয় এয়ারলাইনসের উড়োজাহাজটি।
অভিযানের তদারকিতে নিয়োজিত জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) বলেছে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সাগরে অনুসন্ধানে নিয়োজিত জাহাজগুলো তৎপরতা অব্যাহত রাখলেও ৪৯ হাজার ৪৯১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চলা ১০টি বিমানের অনুসন্ধান স্থগিত করা হয়। এএফপি।