আকাশসীমায় বিমান, নিমেষেই খালি ক্যাপিটল ভবন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটলের আকাশসীমায় একটি উড়োজাহাজ ঢুকে পড়ার পর গত শনিবার ক্যাপিটল ভবন ও আশপাশের সব ভবন খালি করে ফেলা হয়৷ খবর এপির৷
ক্যাপিটল পুলিশের একজন মুখপাত্র জানান, বেলা দেড়টার দিকে ছোট একটি উড়োজাহাজ আকস্মিক ক্যাপিটলের আকাশসীমায় ঢুকে পড়ে৷ তাৎক্ষণিকভাবে এর পাইলটের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ এরপর দ্রুত ওই এলাকার ভবনগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়৷
মুখপাত্র আরও জানান, আধা ঘণ্টা পর পাইলটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়৷ তখন আবার ক্যাপিটলের ভবনগুলোর কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের সেখানে ঢুকতে দেওয়া হয়৷
ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে মার্কিন কংগ্রেসের অধিবেশন বসে৷ এর অদূরেই হোয়াইট হাউস৷ তবে উড়োজাহাজটি ঢুকে পড়ার ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি৷
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে গলফ খেলছিলেন৷
ওয়াশিংটনে বিধিনিষেধ থাকা এলাকায় আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রায়ই ঘটে থাকে৷