আক্রমণাত্মক ওবামার কাছে ধরাশায়ী মিট রমনি
দ্বিতীয় বিতর্কে বেশ আক্রমণাত্মক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা। এই বিতর্কে তাঁর কাছে ধরাশায়ী রিপাবলিকান প্রার্থী মিট রমনি।নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় গত মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় গতকাল বুধবার সকাল সাতটা) দুই প্রার্থীর মধ্যে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।৩ অক্টোবর দুই প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্কে রমনির কাছে হেরে যান ওবামা। দ্বিতীয় বিতর্কে দুই প্রার্থী কর্মসংস্থান, কর, খনিজ সম্পদ, অভ্যন্তরীণ বিষয় ও পররাষ্ট্রনীতি নিয়ে তুমুল বাগ্যুদ্ধে লিপ্ত হন। তাঁরা পরস্পরের বক্তব্য চলাকালে বেশ কয়েকবার হস্তক্ষেপ করে পাল্টা বক্তব্য দেন।বিতর্কের শুরুতেই রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি বলেন, দেশের উন্নয়নে তাঁর পাঁচ দফা পরিকল্পনা রয়েছে।জবাবে ওবামা বলেন, ‘রমনির পরিকল্পনা পাঁচ দফা নয়, মাত্র এক দফা। আর তা হলো, ওপরতলার লোকজন চলবেন ভিন্ন নীতিমালায়। রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে উচ্চবিত্তের কর হ্রাস করতে চান।’রমনি দেশের গাড়িশিল্পের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণার সমালোচনা করেন। জবাবে ওবামা তাঁর সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে রমনি মার্কিন অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব নিয়ে ওবামাকে আক্রমণ করেন। রমনি বলেন, ওবামা মার্কিন অর্থনীতিকে কঠিন এক জায়গায় নিয়ে গেছেন। তাঁর আমলে দুই কোটি মার্কিন বেকার অবস্থায় রয়েছে। এমন একজন ব্যক্তির হাতে আবারও চার বছরের জন্য দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় না।দর্শকদের সরাসরি প্রশ্নে মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়। জবাবে ওবামা বলেন, অভিবাসন নিয়ন্ত্রণের জন্য অ্যারিজোনা অঙ্গরাজ্যে চালু হওয়া আইনের সমর্থক রমনি। রমনি-সমর্থিত অভিবাসন আইনে সন্দেহের ভিত্তিতে যেকোনো নাগরিককে তল্লাশি করার ক্ষমতা দেওয়া হবে রাজ্য পুলিশকে। বিতর্কে দুই নেতার মধ্যে সবচেয়ে বেশি বাদানুবাদ হয় লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন মার্কিন নিহত হওয়ার প্রসঙ্গ নিয়ে। রমনি অভিযোগ করেন, বেনগাজির উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় ওবামা প্রশাসন মার্কিন জনগণকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। ওবামা পাল্টা অভিযোগ করে বলেন, রমনি ও তাঁর দল গুরুতর এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন, যা ‘অশোভন’। ওবামা আরও বলেন, জাতীয় দুঃখজনক এই ঘটনায় দলীয়ভাবে বিবৃতি দিয়ে সুবিধা নেওয়ারও চেষ্টা করেন।রমনি বিতর্কের একপর্যায়ে বলেন, প্রেসিডেন্ট হলে তিনি ১০০ শতাংশ জনগণের প্রেসিডেন্ট হবেন। ওবামা সবশেষে রমনির এই বক্তব্যের জবাব দেন। রমনির গোপন রেকর্ডের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, যিনি গোপনে ৪৭ শতাংশ জনগণকে সরকারের ওপর নির্ভরশীল এবং কর দিতে চায় না বলে সমালোচনা করেন, তাঁর মুখে এ কথা মানায় না।৯০ মিনিট ব্যপ্তির এই বিতর্কে ৮০ জন ‘দোদুল্যমান’ ভোটার দর্শক হিসেবে অংশ নেন। ভোটাররা দুই প্রার্থীকেই প্রশ্ন করেন।প্রথম বিতর্কে হেরে যাওয়ায় দ্বিতীয় বিতর্কে জয়টা ওবামার জন্য জরুরি ছিল। প্রথম বিতর্কে জয় পাওয়ার পর বিভিন্ন জনমত জরিপে এগিয়ে যান রমনি।দুই প্রার্থীর তৃতীয় ও শেষ বিতর্ক ফ্লোরিডায় ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর।