যুক্তরাষ্ট্রকে আবারও কড়া ভাষায় হুঁশিয়ার করে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লক্ষ্য করে তিনি বলেন, তাঁর দেশ আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওবামার পরমাণু অস্ত্র ব্যবহারসংক্রান্ত নতুন নীতির নিন্দা জানানোর সময় এ মন্তব্য করেন। ওই নীতিতে ওবামা পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিত করার কথা বললেও ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে তা ব্যবহারের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রাখেন। মঙ্গলবার প্রকাশিত ওই পরমাণুনীতিতে বলা হয়, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশে যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে না। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু ইরান ও উত্তর কোরিয়া।ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অরুমিয়েহতে জনতার উদ্দেশে আহমাদিনেজাদ বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিত করার ব্যাপারে ওবামা যা বলেছেন, তা সত্য নয়। তিনি আসলে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত নয়। আহমাদিনেজাদ ওবামাকে হুঁশিয়ার করে দিয়ে আরও বলেন, ‘সতর্ক থাকুন। আপনিও যদি বুশের পথ অনুসরণ করেন, তাহলে ইরানিরা তার দাঁতভাঙা জবাব দেবে। যেমনটা দেওয়া হয়েছিল বুশকে। এ সময় সমবেত জনতা “যুক্তরাষ্ট্র ধ্বংস হোক” বলে স্লোগান দেয়।’ওবামার পরমাণু অস্ত্র ব্যবহারসংক্রান্ত নীতির কড়া সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ওই নীতিতে ওবামার অনভিজ্ঞতার বিষয়টিই ফুটে উঠেছে। প্রেসিডেন্ট বুশের হাত ছিল বিভিন্ন জাতির রক্তে রঞ্জিত। বুশ যেভাবে কথা বলতেন ওবামা এখন ওই একই মেজাজে কথা বলেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন, আপনাদের চেয়ে অনেক বড় ও শক্তিশালী জাতি পৃথিবীতে ছিল। আজ তাদের কারও কোনো অস্থিত্ব নেই।’এদিকে আহমাদিনেজাদের পাশাপাশি ইরানের অন্য নেতারাও ওয়াশিংটনের পরমাণু নীতির কড়া সমালোচনা করেছেন। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুচেহের মুত্তাকি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্য ও অবস্থানকে তাঁরা এক ধরনের অপপ্রচার মনে করছেন। প্রতিরক্ষামন্ত্রী আহমেদ বাহিদি বলেন, নতুন পরমাণু নীতি করা হয়েছে মূলত ইসরায়েলের জন্য। যুক্তরাষ্ট্র নতুন নতুন নকশার বোমা তৈরি করছে। পারমাণবিক অস্ত্রের অধিকারী ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন করে যাচ্ছে। অথচ যত চাপ শুধু ইরানের বেলায়। ইরান এই আধিপত্যবাদকে কোনোভাবেই মেনে নিতে পারে না।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মনে করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে। এ জন্য ইরানকে এ কাজ থেকে বিরত রাখার জন্য এসব দেশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন করে তোড়জোড় শুরু করেছেন। কিন্তু ইরান বলছে, পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা তার নেই।ইরানের ওপর অবরোধ নিয়ে আলোচনায় বসতে রাজি চীনইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে জাতিসংঘের নতুন করে অবরোধ আরোপ করা নিয়ে বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে চীন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওই বৈঠক হবে। চীন ছাড়াও এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। গতকাল বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নাড কুচনার এ কথা জানান। ফরাসি পার্লামেন্টের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী কুচনার বলেন, নিউইয়র্কের আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে চীন। চীনের এই অবস্থানকে ইতিবাচক ঘটনা ও ভালো সংবাদ বলে বর্ণনা করেন কুচনার। বৈঠকে কী ধরনের আলোচনা হবে, তা তিনি বলেননি। এএফপি।