চীনের শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তা বলেছেন, তাঁদের পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ আত্মরক্ষামূলক। আগ্রাসী কোনো কাজে তাঁরা এই অস্ত্র ব্যবহার করবেন না। শুধু তা-ই নয়, চীন কখনোই কোনো দেশের বিরুদ্ধে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। আক্রান্ত হলেই কেবল তারা এই অস্ত্রের মাধ্যমে পাল্টা জবাব দেবে।চীনের সশস্ত্র বাহিনীর ত্রৈমাসিক ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে জেনারেল জিং ঝিয়ুয়ান এ মন্তব্য করেন। তিনি পিপলস লিবারেশন আর্মি অব চায়নার দ্বিতীয় গোলন্দাজ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার। চীনের পরমাণু অস্ত্রের মজুদ ওই গোলন্দাজ বাহিনীর নিয়ন্ত্রণে।জেনারেল জিং বলেন, কোনো দেশ চীনকে পরমাণু যুদ্ধে জড়াতে বাধ্য না করলে তাঁরা কখনোই এ ধরনের যুদ্ধে জড়াবেন না। চীনের পরমাণু অস্ত্র তৈরি এবং এর উন্নয়ন অত্যন্ত সীমিত পর্যায়ে রয়েছে। জাতীয় প্রতিরক্ষার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক সেই পরিমাণ পরমাণু অস্ত্রই তাঁরা সংরক্ষণ করছেন।নিবন্ধে জেনারেল জিং বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, চীনের পারমাণবিক নীতি বা কৌশল সম্পূর্ণ আত্মরক্ষামূলক। প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে চীন সব সময় অটল থাকবে।’চীন বরাবরই তার পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ ও আত্মরক্ষামূলক বলে আসছে। গত এপ্রিলে অনুষ্ঠিত পারমাণবিক নিরাপত্তাবিষয়ক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পারমাণবিক অস্ত্র ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। নিবন্ধে জিং উল্লেখ করেন, চীন পরমাণু অস্ত্রের মজুদ সীমিত পর্যায়ে রাখবে এবং এই অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হবে না।১৯৬৪ সালে প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় চীন। ১৯৭১ সালে বিশ্বের পঞ্চম দেশে হিসেবে পরমাণু ডুবোজাহাজের (সাবমেরিন) অধিকারী হয় দেশটি। ১৯৮০ সালে অত্যন্ত সাফল্যের সঙ্গে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পলীক্ষা চালায় চীন। বিশ্বকে পরমাণু অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করতে ১৯৯৬ সালে চীন আর কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না বলে ঘোষণা দেয়। সিনহুয়া।