আগাম তথ্য ছিল গোয়েন্দাদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হায়দরাবাদের জোড়া বোমা হামলার স্থল গতকাল শুক্রবার পরিদর্শন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে। এর আগের দিন বৃহস্পতিবার স্থানীয় একটি ব্যস্ত বাজারে ওই বোমা হামলায় ১৫ জন নিহত ও শতাধিক আহত হন। এদিকে এই হামলার ব্যাপারে গোয়েন্দারা আগেই তথ্য পেয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী সিন্দে বৃহস্পতিবার বলেন, ব্যস্ত ফল বাজারের কাছে বাইসাইকেলে বোমাগুলো বাঁধা ছিল। হামলায় ১১৯ জন আহত হন এবং তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। কোনো গোষ্ঠী ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। হামলার ঘটনায় পুলিশের তদন্ত শুরুর পাশাপাশি ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সুশীল কুমার সিন্দে গতকাল বিস্ফোরণস্থল হায়দরাবাদের দিলসুখনগর পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। দিলসুখনগর হায়দরাবাদের বাণিজ্যিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিখ্যাত।সিন্দে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, গোয়েন্দারা দেশে সম্ভাব্য হামলার ব্যাপারে আগেই তথ্য পেয়েছিলেন। কিন্তু ঠিক কোথায় বা কখন এই হামলা চালানো হবে সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল না।পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভি দিনেশ রেড্ডি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ঘরে তৈরি বোমার (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি) সাহায্যে ওই হামলা চালানো হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং হামলাকে কাপুরুষোচিত কাজ বলে আখ্যায়িত করে জানান, হামলায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী সিন্দে গতকাল পার্লামেন্টে বলেন, হামলায় জড়িত ও এর মদদদাতাদের বিচারের সম্মুখীন করতে সরকার সম্ভব সবকিছু করবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৫৮ মিনিট ও সাতটা এক মিনিটে ওই দুটি হামলা চালানো হয়। বিবিসি ও দ্য হিন্দু।