আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এর পরও আগাম নির্বাচন আয়োজনে সরকারের ওপর চাপ বজায় রাখতে গতকাল শুক্রবার তাঁর দল সমাবেশের ডাক দেয়। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান গত বৃহস্পতিবার দেশটিতে আগাম নির্বাচন দিতে রাজি হন। সংবিধান অনুযায়ী, আগামী বছরের অক্টোবরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নাশিদের দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) মুখপাত্র হামিদ আবদুল গফুর বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। আগাম নির্বাচনের জন্যই আমরা আন্দোলন করছিলাম।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট নাশিদ বন্দুকের নলের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সেনা-সমর্থিত ওই অভ্যুত্থানে নাশিদের ক্ষমতা ছাড়ার ঘটনায় রং চড়িয়ে বোঝানোর চেষ্টা করা হয়, তিনি নিজেই ক্ষমতা ছেড়েছেন।’মালদ্বীপের রাজনৈতিক অচলাবস্থার অবসানে সহায়তা দিতে দেশটি সফররত ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের মধ্যস্থতায় আগাম নির্বাচন দিতে রাজি হন প্রেসিডেন্ট ওয়াহিদ।বৃহস্পতিবার আগাম নির্বাচনের ঘোষণার পর ধারণা করা হচ্ছিল, এমডিপি শুক্রবার সন্ধ্যার সমাবেশ বাতিল করবে। কিন্তু দলটির মুখপাত্র গফুর বলেন, ‘এটা শান্তিপূর্ণ সমাবেশ। আমরা ওয়াহিদের পদত্যাগ ও আগাম নির্বাচনের জন্য তাঁর সরকারের ওপর জনগণের চাপ বজায় রাখাকে সমর্থন দিচ্ছি।’ মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ ও কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে ৭ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন। এরপর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। এএফপি।