আগাম নির্বাচনের ডাক দিতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে মালয়েশিয়া সরকার। আনোয়ার মুক্তি পাওয়ায় বিরোধী শিবির যেমন চাঙা হয়েছে, তেমনি সরকারের ভেতরে দেখা দিয়েছে অন্তর্দ্বন্দ্ব। এ অবস্থায় ক্ষমতাসীন জোটের ভেতরেই সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারে আগাম নির্বাচনের ডাক দেওয়া হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।কুয়ালালামপুরের একটি আদালত গত সোমবার আনোয়ারের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণকে ‘অনির্ভরযোগ্য ও বিতর্কিত’ উল্লেখ করে তাঁকে নির্দোষ ঘোষণা দিয়ে খালাস দেন। এ রায়ে অন্যদের পাশাপাশি আনোয়ার নিজেও বিস্মিত।আনোয়ার মুক্তি পাওয়ায় ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মনে প্রধানমন্ত্রীর উদারনীতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় দলের মধ্যে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে নাজিব রাজাক নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ চলতি বছরেই সাধারণ নির্বাচনের ডাক দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালের মার্চে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির রাজনৈতিক বিশেষজ্ঞ ব্রিজেত ওয়েলশ বলেন, আনোয়ারের এখন দায়িত্ব হলো নেতা-কর্মীদের কাছে গিয়ে তাঁর প্রকৃত নীতি তুলে ধরা। এএফপি ও রয়টার্স।