আগাম ভোট দিচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা আগাম ভোট দেবেন।আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে আজ শুক্রবার নিজের ভোটটি আগাম দিতে পারেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে আগাম ভোট দেওয়ার ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে। ৬ নভেম্বর নির্বাচনের আগে কলোরাডো, ওহাইও, নেভাদা ও ভার্জিনিয়া সফর করবেন ওবামা। এ সময় শিকাগোতে যাত্রাবিরতি করে নিজের ভোটটি দেবেন বলে জানিয়েছেন তিনি। ওবামা বলেন, ‘এই ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগে আগাম ভোট দেওয়ার জন্য আমি শিকাগোতে যাত্রাবিরতি করব।’নিজের ভোট দেওয়া নিয়ে হাস্যরস করে ওবামা বলেন, ‘আমি কাকে ভোট দেব, তা বলতে পারছি না। এটা গোপন ভোট। কিন্তু মিশেল বলেছে, সে আমাকেই ভোট দিয়েছে।’মার্কিন নির্বাচনী আইনে ভোটাররা নির্বাচনের নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ পান। রাজ্যভেদে আগাম ভোট দেওয়ার তারিখ ও সময় ভিন্ন ভিন্ন। ওবামার নির্বাচনী প্রচারণার মুখপাত্র জে পাসাকি শিকাগোতে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আগাম ভোট দিয়ে ইতিহাস গড়বেন ওবামা। এদিকে প্রেসিডেন্ট ওবামা এনবিসি টেলিভিশনের ‘দ্য টু নাইট শো উইদ জে লেনো’ অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য ও গর্ভপাত নিয়ে রিপাবলিকান রাজনীতিকদের বেশ কিছু বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে গত বুধবার বলেন, ‘ধর্ষণ ধর্ষণই’। তিনি বলেন, ‘রাজনীতিকদের নারীদের একান্ত ব্যাপারে নাক গলানো উচিত নয়। তাদের শরীরের ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে দেওয়া উচিত।ওবামা বলেন, ‘আমি বুঝি না এই লোকগুলো কীভাবে এসব ধ্যান-ধারণা নিয়ে হাজির হয়। ধর্ষণ ধর্ষণই। এটি অপরাধ।’ এএফপি ও পিটিআই।