ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির একটি মন্তব্যকে ঘিরে এখন ভারতের রাজনীতিতে তোলপাড় হচ্ছে। গত রোববার আদভানি তাঁর নিজের ব্লগে লেখেন, আগামী নির্বাচনে এমনটি হওয়া অসম্ভব নয় যে প্রধানমন্ত্রী হবেন কংগ্রেস বা বিজেপির বাইরের কেউ। তবে সেই সরকারের সমর্থন থাকতে হবে কংগ্রেস বা বিজেপির। আদভানির এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে সাধারণ মানুষের পাশাপাশি ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। ২০১৪ সালে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন। অন্যদিকে, এই নির্বাচন সামনে রেখে রোববার থেকে আগ্রায় শুরু হয়েছে বিজেপির চিন্তন বৈঠক। তার মাঝেই আদভানির এই মন্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।আদভানি তাঁর ব্লগে লিখেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে এমনটা হতেই পারে যে কোনো অ-কংগ্রেসি বা অ-বিজেপিয় প্রধানমন্ত্রী সর্বভারতীয় কোনো দলের সমর্থনে সরকার চালাচ্ছেন। আদভানি এ-ও বলেছেন, এ সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। এই সম্ভাবনার বাস্তব রূপ পেতে পারে। তার নজিরও রয়েছে। তবে তৃতীয় ফ্রন্টের যে সরকার গড়ার সম্ভাবনা নেই, তা-ও তিনি বুঝিয়ে দিয়েছেন। আদভানি বলেছেন, কংগ্রেসের আসন এবার ১০০তেও পৌঁছাবে না। যেমনটা এর আগে কোনো দিন হয়নি। কংগ্রেস বা বিজেপির সরকার না হলে সেই সরকাররের স্থায়িত্বও বেশি দিন হবে না। উদাহরণস্বরূপ তিনি প্রধানমন্ত্রী ভিপি সিং, চন্দ্রশেখর, দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরালের নাম উল্লেখ করেন। তিনি এ কথাও বলেছেন, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে, এর মধ্যে কর্ণাটক বাদে অন্য সব রাজ্যে ভালোই ফলাফল করবে। আদভানির মন্তব্যের পর কংগ্রেস মুখপাত্র রাজীব শুক্লা বলেছেন, লোকসভা ভোটের আগেই আদভানি কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছেন। এমন মন্তব্যের পর বিজেপির কোন প্রার্থী জয়ের আশা করবেন? সমাজবাদী পার্টির নেতা মোহন সিংও বলেছেন, আদভানি কার্যত লোকসভা নির্বাচনের আগেই হার মেনে নিলেন। আবার বিজেপি নেতা রাজনাথ সিং বলেছেন, আদভানি বলতে চেয়েছেন, কংগ্রেস বা বিজেপি কেউই এককভাবে সরকার গড়তে পারবে না। তবে সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ। আবার বিজেপির সহসভাপতি মুখতার আব্বাস নাকভি আগ্রায় বলেছেন, ২০১৪ সালে সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা।