আগামী নির্বাচনে চাভেজ প্রার্থী না-ও হতে পারেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হুগো চাভেজের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ক্যানসারের চিকিৎসার জন্য কয়েক দফা কিউবা সফর ও তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে সরকারের নীরবতার কারণে এমন সন্দেহ দেখা দিয়েছে। তিনি নির্বাচনে উত্তরসূরির নাম ঘোষণা করতে পারেন বলেও গুজব ছড়িয়ে পড়েছে।প্রেসিডেন্ট হিসেবে চাভেজের কোনো বিকল্প নেই—সরকারের পক্ষ থেকে এমন দৃঢ় অবস্থান দেখানো হলেও আসন্ন নির্বাচনে তাঁর প্রতিনিধি হিসেবে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী নিকোলা মাদুরো, ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া ও জাতীয় পরিষদের প্রেসিডেন্ট দিয়োসদাদো স্যাবেলো। প্রার্থী হিসেবে তাঁদের নাম ওঠায় চাভেজের সম্ভাব্য উত্তরসূরি মনোনয়নের লড়াই নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন।পর্যবেক্ষকদের মতে, ১৯৯৯ সাল থেকে শাসনক্ষমতায় থাকা চাভেজ জাতীয় রাজনীতি থেকে যেকোনোভাবেই সরে দাঁড়ান না কেন, তা ভেনেজুয়েলায় বিরাট প্রভাব ফেলবে। একই সঙ্গে লাতিন আমেরিকাজুড়ে, বিশেষত বামপন্থী বন্ধুদেশগুলোতে প্রভাব ফেলবে।কর্মকর্তারা জানান, চাভেজের উপদেষ্টা পরিষদ কাউন্সিল অব স্টেটের প্রেসিডেন্ট হিসেবে শিগগিরই এলিয়াস জাউয়ার নাম ঘোষণা করা হবে। চলতি সপ্তাহে এ পরিষদ গঠন করা হয়। ২০১১ সালের জুনে চাভেজের দেহে প্রথম ক্যানসার ধরা পড়ার পর এ পরিষদ গঠনকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রথম পদক্ষেপ বলে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন। এএফপি।