আগামী বছর পাকিস্তানে যাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ভারতসহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফরের সময় পাকিস্তানে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আগামী বছর পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান-মার্কিন কৌশলগত সংলাপে অংশ নিতে ওয়াশিংটন সফররত পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে ওবামা বিষয়টি জানিয়ে দিয়েছেন। ওই প্রতিনিধিদলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি আছেন।প্রতিনিধিদলের সঙ্গে ওবামার বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, ‘প্রেসিডেন্ট তাঁদের জানিয়েছেন, আগামী মাসের সফরের সময় তিনি পাকিস্তানে যাবেন না, কিন্তু ২০১১ সালে অবশ্যই পাকিস্তান সফর করবেন। একই সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন।’পাকিস্তান-মার্কিন কৌশলগত সংলাপ আজ শুক্রবার শেষ হবে। চলতি বছর এ নিয়ে তিন দফায় এ ধরনের আলোচনা হচ্ছে। হোয়াইট হাউস জানায়, পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ওবামা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে পাকিস্তান-মার্কিন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য এ সংলাপের গুরুত্ব তুলে ধরেন।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘আঞ্চলিক স্থিতিশীলতা বিশেষত আফগানিস্তানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পারস্পরিক সহযোগিতার গুরুত্ব স্বীকার করেছেন প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদল।’প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ওবামা।হোয়াইট হাউস জানায়, চলতি সপ্তাহের কৌশলগত আলোচনার আলোকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের নিরাপত্তা সহযোগিতা, জঙ্গি নির্মূলে চাপ বাড়ানো এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।স্বর্ণমন্দির সফরের জন্য ফেসবুকে প্রচারণা: আগামী মাসে ভারত সফরের সময় প্রেসিডেন্ট ওবামা যাতে স্বর্ণমন্দিরে যান, সে জন্য ফেসবুক ও টুইটারে প্রচারণা শুরু করেছেন শিখরা। ওবামা স্বর্ণমন্দিরে নাও যেতে পারেন—এমন খবরের পর ওয়াশিংটনে শিখদের একটি সংগঠন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে প্রচারণা শুরু করার জন্য অনুসারীদের প্রতি এ আহ্বান জানায়। ইউনাইটেড শিখ নামের ওই সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফেসবুক ও টুইটারে হোয়াইট হাউসের অ্যাকাউন্টে ঢুকে প্রচারণা শুরু করুন, যাতে প্রেসিডেন্ট ওবামা বুঝতে পারেন, স্বর্ণমন্দিরে তাঁর সফরের গুরুত্ব কতখানি। একই সঙ্গে স্বর্ণমন্দির সফর বাতিল না করার জন্য ওবামার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এএফপি, পিটিআই।