আগামী বছর বিয়েকরছেন প্রিন্স উইলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর চুটিয়ে প্রেম করার পর ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর বান্ধবী কেট মিডলটন তাঁদের বিয়ের কথা ঘোষণা করেছেন। গত মঙ্গলবার লন্ডনের সেন্ট জেমস রাজপ্রাসাদে আনুষ্ঠানিকভাবে এই বিয়ের ঘোষণা দেওয়া হয়। আগামী বছর লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।হবু দম্পতিকে দেশ-বিদেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটিশদের জীবনে আনন্দ উদ্যাপনের একটি বড় উপলক্ষ হবে এই বিয়ে। তিনি বলেন, আনন্দময় দিনটিকে উদ্যাপনের লক্ষ্যে ব্রিটেনে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করা যেতে পারে।বিয়ের ঘোষণা দেওয়া হলেও ঠিক কবে ও কোথায় অনুষ্ঠানটি হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে এ নিয়ে গুঞ্জনও থেমে নেই। কেউ কেউ বলছেন, আগামী বছরের গ্রীষ্মে এ বিয়ে হতে পারে। আবার কারও কারও মন্তব্য, শীতে হতে পারে এই বিয়ে। তবে হবু দম্পতির ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক টম ব্রাডবি বলেন, আগামী মার্চে বিয়ের চিন্তাভাবনা করছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।বিয়ের দিনক্ষণের পাশাপাশি অনুষ্ঠানস্থল নিয়েও চলছে জোর গুঞ্জন। কেউ সেন্ট পল গির্জা, কেউ বা বলছেন গার্ডস চ্যাপেলের কথা। তবে সবচেয়ে বেশি রায় পড়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবির পক্ষে। রাজপ্রাসাদের কর্মকর্তারাও আভাস দিয়েছেন, সেখানে ঘটা করে হতে পারে এই বিয়ে।বিয়ে নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে হবু দম্পতির। প্রিন্স উইলিয়াম ও মিডলটন গত বুধবার রাজপ্রাসাদের কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করেন। সেখানকার এক সূত্রে জানা গেছে, মহা ধুমধামে বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজপ্রাসাদের উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করা হবে বলেও আলোচনায় জানানো হয়েছে। এ ব্যাপারে রাজপ্রাসাদের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে অনুষ্ঠানের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেবেন রাজপরিবারের হবু দম্পতি।সেন্ট জেমস প্রাসাদের একজন মুখপাত্র জানান, প্রিন্স উইলিয়াম ও মিডলটন গত বুধবার সকালে রাজপ্রাসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বলা হয়, রাজপ্রাসাদের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে বিয়ের অনুষ্ঠানস্থল ও দিনক্ষণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, জাতীয় ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা করা হবে।বিয়ের পর নবদম্পতি নর্থ ওয়েলসে গিয়ে থাকবেন। যুক্তরাজ্যের এই প্রত্যন্ত এলাকায় প্রিন্স উইলিয়াম রয়েল এয়ারফোর্সের (আরএএফ) সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। হবু দম্পতি সেখানে বেশ কয়েকবার অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন। প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। এর পরই তালিকায় রয়েছেন তাঁর বড় ছেলে উইলিয়াম। মিডলটনের বাবা একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। প্রিন্স উইলিয়াম ও মিডলটনকে আগাম অভিবাদন জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান সরকার। তারা হবু দম্পতির সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেছে। এএফপি ও বিবিসি।