আগামী বছর ৩৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে
যুক্তরাষ্ট্র আগামী বছর আফগানিস্তান থেকে ৩৪ হাজার সেনা প্রত্যাহার করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতায় এ পদক্ষেপের কথা জানিয়েছেন। ওবামা বলেন, ‘আগামী বছর আফগানিস্তান থেকে আরও ৩৪ হাজার সেনা দেশে ফিরবে। সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তানে আমাদের যুদ্ধ শেষ হবে।’ এ সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে বিপুল করতালির মাধ্যমে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা চালিয়ে তালেবান শাসকদের উৎখাত করতে গিয়ে যে আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে, তার প্রশংসা করেন ওবামা।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তার মিশন সমাপ্ত করতে এবং আল-কায়েদাকে পরাজিত করার লক্ষ্য অর্জন করবে।’আফগানিস্তানে বর্তমানে ৬৬ হাজার মার্কিন সেনা রয়েছে। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। এএফপি।