আগামী বছরের আগে নিরাপত্তা চুক্তি সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি সইয়ের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান গতকাল শুক্রবার প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান। কাবুলের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর এ চুক্তি হতে পারে, এর আগে নয়।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছিল, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি (বিএসএ) শিগগির সই করতে হবে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দেন, সেনা মোতায়েনের বিষয়ে পরিকল্পনার সুবিধার জন্য চলতি বছরের মধ্যেই চুক্তি হওয়া দরকার।
বৃহস্পতিবার জ্যেষ্ঠ উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের গুরুত্বপূর্ণ চার দিনের সম্মেলন ‘লয়া জিরগার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা দেন, আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের পর এ চুক্তি সই করা হবে। মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে দেশটির নিরাপত্তা কার্যক্রমের ব্যবস্থাপনা এ চুক্তির বিষয়।
কারজাইয়ের মুখপাত্র আইমল ফয়েজি গতকাল বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থান অপরিবর্তনীয়।
প্রস্তাবিত চুক্তির আওতায় বেশির ভাগ মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার জন্য ১৫ হাজার সেনা থাকার সুযোগ পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ‘এ বছরের মধ্যে চুক্তি সই না হলে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের ২০১৪ সালের পর আফগানিস্তানে অবস্থানের বিষয়ে পরিকল্পনা করা সম্ভব হবে না।’
আর্নেস্ট জানান, প্রেসিডেন্ট ওবামা আগামী বছরের পরও আফগানিস্তানে সেনা রাখার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। এএফপি।