আগামী বসন্তের মধ্যেই অন্তর্বর্তীকালের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সেনা-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, আগামী বসন্তের মধ্যেই দেশটির রাজনীতির বর্তমান অন্তর্বর্তীকালের অবসান হবে। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তখন পরিবর্তন আসবে। শনিবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্রমন্ত্রী ফাহমি বলেন, রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী কাজ চলছে। দেশে ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র এবং সুশাসনের ভিত্তি প্রতিষ্ঠার উদ্যোগে এ পর্যন্ত সাফল্য এসেছে। এরই ধারাবাহিকতায় পার্লামেন্ট নির্বাচন ও তারপর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে আগামী বসন্তের আগেই অন্তর্বর্তী পর্যায়ের অবসান ঘটে।
ফাহমি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন চান। ব্রাদারহুড প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসকে সমর্থন করা বিশ্ব সম্প্রদায়ের উচিত হবে না।’
ফাহমি বলেন, সন্ত্রাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা অনুসরণে বাধা দেওয়া হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ বিরুদ্ধে চলে গিয়েছিল বলেই মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে কয়েক দিনের গণবিক্ষোভের পর সেনাবাহিনী গত ৩ জুলাই তাঁকে উৎখাত করে। এরপর একটি সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হয়।
ফাহমির ভাষণ চলার সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে মিসরের অন্তর্বর্তী সরকারের পক্ষে ও বিপক্ষে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।
সেনা-সমর্থিত সরকার ইতিমধ্যেই বলেছে, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি, আল-জাজিরা ও আল-আহরাম।