আগামী মার্চেই ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু: থেরেসা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেরেসা মে
থেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের প্রক্রিয়া আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল রোববার বিবিসিতে প্রচারিত ‘অ্যান্ড্রু মার শো’তে এ কথা জানান। বার্মিংহামে কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলন শুরু হওয়ার আগে বিবিসির সঙ্গে কথা বলছিলেন মে।
প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ২০১৭ সালের মার্চের শেষ দিকে তাঁরা ইইউয়ের বিধান অনুযায়ী লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি সক্রিয় করবেন। এটি সক্রিয় হওয়ার দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার কথা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, পার্লামেন্টে রানির আগামী ভাষণে ১৯৭২ সালের ইউরোপিয়ান কমিউনিটি অ্যাক্ট সংবিধি থেকে বাদ দেওয়ার জন্য একটি ‘গ্রেট রিপিল বিল’ রাখা হবে। ইউরোপীয় কমিউনিটি অ্যাক্ট নামের আইনটির মাধ্যমেই যুক্তরাজ্য ইইউর সঙ্গে যুক্ত হয়েছিল। গ্রেট রিপিল বিল পাস হলে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা সম্পন্ন হবে।
এর আগে সানডে টাইমস পত্রিকাকে থেরেসা মে বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে যুক্তরাজ্যের আবার আত্মপ্রকাশের প্রথম ধাপ হবে ১৯৭২ আইন বাতিল করা। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের নির্বাচিত প্রতিষ্ঠানের ক্ষমতা ও কর্তৃত্ব আবার ফিরিয়ে দেবে। অর্থাৎ যুক্তরাজ্যে ইইউ আইনের কার্যকারিতার অবসান ঘটবে।’
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান প্যাট্রিক ম্যাকলখলিন বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হলো, প্রথম থেকেই তাঁর দল ব্রেক্সিটের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে।
এদিকে যুক্তরাজ্য ইউরোপের বাজার থেকে পুরোপুরি বেরিয়ে আসবে, নাকি ইইউ আইনের কিছু অংশ মেনে নিয়ে মুক্তবাজারে নিজের উপস্থিতি জারি রাখবে, তা নিয়ে ক্ষমতাসীন টোরি দলের এমপিরা বিভক্ত হয়ে পড়েছেন। একদল চাইছে অভিবাসন নিয়ন্ত্রণের সম্পূর্ণ কর্তৃত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য পুরোপুরি বেরিয়ে আসুক। অন্যরা শর্ত মেনে মুক্তবাণিজ্য অঞ্চলে থাকার পক্ষে। অবশ্য পরিবহনমন্ত্রী ও ব্রেক্সিটের পক্ষে প্রচার চালানো সামনের সারির নেতা ক্রিস গ্রেলিং গতকাল একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, শ্রমিক অধিকার, পরিবেশ-সংক্রান্তসহ কিছু ইউরোপীয় আইন বহাল রাখতে চাইবে যুক্তরাজ্য।