আগামী শতকে জাপানের জনসংখ্যা দুই-তৃতীয়াংশ কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের জনসংখ্যা আগামী শতকে দুই-তৃতীয়াংশ কমতে পারে। গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, জাপানের বর্তমান জনসংখ্যা ১২ কোটি ৭৭ লাখ হলেও ২০৬০ সালের মধ্যে তা আট কোটি ৬৭ লাখে নেমে আসতে পারে এবং এভাবে চলতে থাকলে ২১১০ সালে জনসংখ্যা চার কোটি ২৯ লাখে নেমে আসবে।স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন এবং সোশ্যাল সিকিউরিটি রিসার্চ প্রতিবেদনে বলেছে, জাপানে বর্তমানে শিশুর গড় জন্মহার ১ দশমিক ৩৫, যা ৫০ বছরে বর্তমান জনসংখ্যাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় গড় জন্মহারের চেয়েও অনেক কম।প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প ও সুনামিতে ১৯ হাজারেরও বেশি মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধাক্কা খেলেও গড় আয়ু বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। উচ্চ গড় আয়ুর দিক দিয়ে জাপান বিশ্বের অন্যতম দেশ। গত বছর দেশটিতে নারীদের গড় আয়ু ৮৬ দশমিক ৩৯ এবং পুরুষদের ৭৯ দশমিক ৬৪ বছর ছিল। ধারণা করা হচ্ছে, ২০৬০ সালে নারীদের গড় আয়ু ৯০ দশমিক ৯৩ এবং পুরুষদের ৮৪ দশমিক ১৯ বছর হবে।জাপানে বহু তরুণ-তরুণী সন্তান নেওয়া থেকে বিরত থাকায় দেশটির জনসংখ্যা কমে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জীবন পদ্ধতি ও ক্যারিয়ারের জন্য ক্ষতিকর মনে করে তাঁরা এমনটি করছে। এ ছাড়া মন্দা অর্থনীতিও মানুষকে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করছে। এএফপি।