আগামী সপ্তাহে আব্বাস-মিশাল বৈঠক
সমঝোতা চুক্তিতে সই করতে আগামী সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন প্রতিদ্বন্দ্বীহামাসের প্রধান খালেদ মিশাল। গতকাল শুক্রবার ফাতাহর একজন জ্যেষ্ঠ নেতা এ কথা জানান।ফাতাহ নেতা আজম আল-আহমেদ জানান, আগামী ৪ মে চুক্তি সই হবে। সেদিন মাহমুদ আব্বাস ও খালেদ মিশালসহ ফিলিস্তিনের সব পক্ষ কায়রোতে আরব লিগের সদর দপ্তরে বৈঠকে মিলিত হবে।উল্লেখ্য, ফাতাহ ও হামাসের মধ্যকার আলোচনায় ফাতাহর পক্ষে নেতৃত্ব দিয়েছেন আজম আল-আহমেদ। গত বুধবার মীমাংসা চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে ওই আলোচনা শেষ হয়।নির্বাচনকে সামনে রেখে ফাতাহ ও হামাস একটি অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়েছে। আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।এদিকে ফাতাহ ও হামাসের মধ্যকার এই মতৈক্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। দেশটি বলেছে, এই সিদ্ধান্ত শান্তির সুযোগ নষ্ট করবে। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আলোচনার সময় অন্তর্বর্তী সরকার কর্মপন্থা সম্পর্কে কোনো নির্দেশনা দেবে না। এএফপি।