আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাজি ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজের গতি কমাতে আলোচনায় বসতে রাজি হয়েছে। আগামী সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় এই আলোচনা হবে।বিশ্বের ছয় পরাশক্তি ইরানকে এ বিষয়ে আলোচনায় বসার প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি হওয়ায় ভবিষ্যতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতির সঙ্গে তেহরানের আলোচনার আগে উভয় পক্ষের উত্তেজনা কিছুটা প্রশমিত হলো।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা গত সোমবার জানান, ইরান ছয় জাতির প্রস্তাবিত আলোচনায় বসতে রাজি হয়েছে। ছয় জাতির পক্ষে ইইউ ইরানের সঙ্গে যোগাযোগ করছে। এই ছয় জাতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি।ইইউ কর্মকর্তারা জানান, ইরানের পরমাণুবিষয়ক প্রধান আলোচক সাইদ জালালি গত সোমবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনের সঙ্গে এক ঘণ্টা ফোনে কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুন মস্কোয় ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা ওই ছয় দেশের। রয়টার্স, এএফপি।