আগামী সপ্তাহে মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার দূত
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত টমাস ওজেয়া কুইনতানা আগামী সপ্তাহে মিয়ানমার সফর করবেন। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা এ কথা জানান। তিনি জানান, জাতিসংঘের দূত কুইনতানা পাঁচ দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার যাবেন। মিয়ানমারের সামরিক জান্তা এক দিন আগে একজন মার্কিন মানবাধিকারকর্মীকে কারাদণ্ড দেওয়ার পর এই সফরে যাচ্ছেন জাতিসংঘ দূত।জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, এটা একটা নিয়মিত কর্মসূচি। বছরে দুবার মিয়ানমার সফর করার কথা কুইনতানার। এবারের সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইনের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। তবে জান্তা প্রধান জেনারেল থান শুয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই। মিয়ানমারের একজন সরকারি কর্মকর্তা এই সফরের খবর নিশ্চিত করেছেন।বুধবার যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কিয়াও জাও লাওইনকে কারাদণ্ড দেওয়ায় এর সমালোচনা করেছে মার্কিন প্রশাসন। প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে ওই মানবাধিকারকর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘রাজনৈতিক কারণে মার্কিন নাগরিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এই কর্মকাণ্ডকে অনৈতিক বিবেচনা করছি। পাশাপাশি ওই মার্কিন নাগরিককে মুক্তি দিয়ে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এএফপি।