আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অং সান সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী রোববার যুক্তরাষ্ট্র সফরে যাবেন। তাঁর দলের এক মুখপাত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।১৯৯০ সালে গৃহবন্দী হওয়ার পর এটিই হবে সু চির প্রথম যুক্তরাষ্ট্র সফর। তাঁর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির মুখপাত্র নিয়ান উইন বলেন, সু চি ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে সু চি ওয়াশিংটনে কংগ্রেশনাল স্বর্ণপদক গ্রহণ করবেন। এই পদকের জন্য ২০০৮ সালে তাঁর নাম ঘোষণা করা হয়। কিন্তু গৃহবন্দী থাকায় পুরস্কারটি গ্রহণ করতে পারেননি সু চি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বছরের ডিসেম্বরে মিয়ানমার সফর করেন। ওই সময় সু চিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান তিনি।শান্তিতে নোবেল জয়ী সু চিকে প্রায় দুই দশক বন্দী করে রাখা হয়। ২০১০ সালের শেষ দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ বছরের শুরুর দিকে বিদেশ সফরের সুযোগ পান তিনি। এ সময়ের মধ্যে থাইল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য এসব দেশে সু চিকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এ বছরের শুরুর দিকে নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে পুরস্কার গ্রহণ করেন। এএফপি।