আগুনে পুড়ে গেছে স্লামডগের সেই রুবিনার বাড়ি
মুম্বাইয়ের বস্তিতে অস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এর শিশু-অভিনেত্রী রুবিনা আলির বাড়ি আগুনে পুড়ে গেছে।গত শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে রুবিনার ঘর ছাড়া বস্তির আরও শত শত বাড়ি পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।রুবিনা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অস্কারে তোলা তার ছবিসহ সব স্মৃতি পুড়ে গেছে।২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার অস্কার পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে রুবিনা। চলচ্চিত্রটিতে রুবিনা অভিনয় করে লতিকা নামে। তখন তার বয়স ছিল আট বছর। বস্তি থেকে অস্কারের স্বীকৃতি পাওয়ার পরও রুবিনা সপরিবারে মুম্বাইয়ের বস্তিতে বাস করছে।ছবিটির পরিচালক ডেনি বোয়েল রুবিনা ও তার সহ-অভিনেতা আজহার উদ্দিনকে মুম্বাইয়ে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে রুবিনার মুম্বাইয়ের শহরতলি বান্দ্রাতে একটি অ্যাপার্টমেন্টে ওঠার কথা রয়েছে। খবর রয়টার্সের।