ঠান্ডা বাতাসের কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলের তীব্রতা কমে আসছে। তবে দেশের কয়েকটি রাজ্যে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা অব্যাহতভাবে লড়াই করছেন।দেশের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত দিনের তালিকায় গত কয়েক দিন জায়গা করে নেওয়ার পর নিউ সাউথ ওয়েলসের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে। তবে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া সত্ত্বেও নিউ সাউথ ওয়েলসের ১৩০টির বেশি স্থানে এখনো আগুন জ্বলছে। এর মধ্যে ৩০টি স্থানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।গত মঙ্গলবার হঠাৎ করে নিউ সাউথ ওয়েলসের তাপমাত্রা কমে যায়। এ কারণে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস) এ অঞ্চলে বিপজ্জনক সতর্ক মাত্রা কমিয়ে দিয়েছে। তবে আরএফএসের কমিশনার শেন ফিৎজসিমন্স সতর্ক করে দিয়ে বলেন, ঠান্ডা বাতাস প্রবাহিত হলেও বিপদ এখনো কাটেনি। গত মঙ্গলবার সিডনিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কিন্তু গতকাল বুধবার ওই তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কর্তৃপক্ষ বলছে, ধারণা করা হচ্ছে, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বেড়ে আবার দাবানল শুরু হতে পারে। নতুন করে ওই দাবানল ছড়িয়ে যেতে পারে।কুইন্সল্যান্ডের দমকল কর্মীরা নিবিড়ভাবে রাজ্যের দক্ষিণাঞ্চলের অবস্থা পর্যবেক্ষণ করছেন। গরম বাতাস উপকূলবর্তী এলাকার দিকে যাচ্ছে। তবে কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।সম্প্রতি দাবানলে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ায় অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের প্রথম ছয় দিন ইতিমধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ২০ দিনের তালিকায় জায়গা করে নিয়েছে। বিবিসি।