আগে পীর, পরে কূটনীতিক

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বেজায় পীরভক্ত। পীরের পরামর্শে তিনি চলেন-ফিরেন। তাঁর এই পীরপ্রীতির কাছে বিদেশি কূটনীতিকদের জন্য আনুষ্ঠানিকতা পালনও তুচ্ছ। সাম্প্রতিক কিছু ঘটনায় এরই আভাস মিলেছে বলে ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে ডনের খবরে জানানো হয়, চীন, ব্রুনেই, লেবানন, উরুগুয়ে ও আরও অন্য চারটি দেশের প্রতিনিধিদের রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল জারদারির কাছে। কিন্তু জারদারির সফরসূচির পরিবর্তনের কারণে তা দুইবার পেছানো হয়। এসব রাষ্ট্রদূতকে তাঁদের পরিচয়পত্র জমা দিতে দুই সপ্তাহেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। কূটনৈতিক আচার অনুযায়ী, একজন রাষ্ট্রদূত যে দেশে নিয়োগ পান, প্রথমে তাঁকে সে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পরিচয়পত্র দিতে হয়। না দেওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন না।
তিন সপ্তাহ আগে ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র গ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ওই সময় করাচি চলে যান এবং অনুষ্ঠান বাতিল করতে সংশ্লিষ্টদের বাধ্য করেন।
জানা যায়, জারদারির পীর বলেছেন, মাথার ওপর অশুভ শক্তি সওয়ার হয়েছে। এই অশুভ লক্ষণ দূর করে ‘সৌভাগ্যের লক্ষণ’ ফিরিয়ে আনতে জারদারির সাগর তীরবর্তী এলাকায় কিছু দিন থাকা দরকার। পীরের এ পরামর্শেই তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ড স্থগিত করে বন্দরনগর করাচিতে ছুটে যান।
এখানে প্রেসিডেন্টের দীর্ঘ সময় অবস্থানের কারণে রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের ওই অনুষ্ঠান ২৪ জুন করাচিতেই হওয়ার দিনক্ষণ ঠিক হয়। কিন্তু আবার তা বাতিল হয়ে যায়। এরপর নতুন তারিখ ঠিক হয় ২৭ জুন।