আগের ছয় আসন ধরে রাখতে চায় কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ভারতের মতোই পশ্চিমবঙ্গেও অনেকটাই কোণঠাসা অবস্থায় লড়ছে কংগ্রেস। তবে মাত্র কয়েক মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়া ডাকসাঁইটে নেতা অধীর চৌধুরী দলকে চাঙা করার কাজে কিছুটা হলেও সফল। তাই কংগ্রেস ২০০৯ সালে রাজ্যের যে ছয়টি আসন জিতেছিল, এবারও সেগুলো ধরে রাখার ব্যাপারে অনেকটাই আশাবাদী।

রাজ্যে কংগ্রেসের গতবার জেতা আসনগুলোর মধ্যে রয়েছে অধীর চৌধুরীর নিজের জেলার তিনটি —মুর্শিদাবাদ, বহরমপুর ও জঙ্গিপুর। অন্যগুলো হচ্ছে মালদহের দুটি (মালদহ উত্তর ও দক্ষিণ) এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আসনটি। কলকাতাকে ধরে পশ্চিমবঙ্গের মোট ১৮টি জেলার মধ্যে এখন এই তিন জেলাতেই সীমিত কংগ্রেসের প্রভাব। এতেও থাবা বসানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মাত্র দেড় বছর আগে মমতা অধীরের বিশ্বস্ত সহকারী ও মুর্শিদাবাদের প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে ভাগিয়ে নিয়ে মন্ত্রী করেছিলেন। কিন্তু উপনির্বাচনে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে অধীর সেই হুমায়ুনকে হারিয়ে দেন। প্রমাণ করেন, নিজের জেলায় অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করা আসলেই কঠিন।

অধীর চৌধুরী এবার শুধু মুর্শিদাবাদ নন, নির্বাচনী লড়াইয়ে গোটা রাজ্যেই কংগ্রেসের সেনাপতি। কিন্তু বাস্তব অবস্থাটা বিলক্ষণ জানেন তিনি। তাই, গত সোমবার কলকাতা প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে স্বীকার করেন, ‘বড্ড দেরিতে শুরু করেছি। তাই খুব বড়সড় সাফল্যের দাবি করতে চাই না। আমাদের এখনকার প্রথম লক্ষ্য গতবারের আসনগুলোই ধরে রাখা।’

গত কয়েক বছরে দলের দুঃসময়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন যথাক্রমে প্রণব মুখোপাধ্যায়, মানস ভুঁইয়া ও প্রদীপ ভট্টাচার্য। এঁদের কারোরই সে অর্থে জনভিত্তি না থাকায় নির্বাচনে জিততে অন্যের মুখাপেক্ষী হওয়া ছাড়া তাঁদের কোনো উপায় ছিল না। দল পরিচালনার সময়ও তাঁরা বলিষ্ঠভাবে সিদ্ধান্ত না নিয়ে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে চলেছেন। এ জন্য চড়া মাশুল গুনতে হয়েছে কংগ্রেসকে। দলটি ২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে ২০১১ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সহযোগী হওয়ায় মমতা গুরুত্বপূর্ণ সব আসনই কেড়ে নেন। দূরে ঠেলে দেন কংগ্রেসকে। হতাশায় দক্ষিণবঙ্গের অনেক কংগ্রেস নেতাই নিষ্ক্রিয় হন কিংবা যোগ দেন তৃণমূলে।

অধীর চৌধুরী সে বিবর্ণ সময়ের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা খুবই নগণ্য ভূমিকায় ছিলাম। ফলে, সেখান থেকে উঠে এসে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির জমি দখল করতে সময় লাগবে।’

কংগ্রেসের গতবারের জেতা আসনের মধ্যে অধীরের নিজের আসন বহরমপুর আছে। আছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিতের আসন জঙ্গিপুর। প্রণব রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জঙ্গিপুরের শূন্য আসনে উপনির্বাচনে অভিজিতকে প্রার্থী করেছিল কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত মাত্র তিন হাজার ভোটে জেতেন অভিজিত। এবারও তিনিই প্রার্থী। কিন্তু কংগ্রেসের আগের জোটসঙ্গী তৃণমূল এবার প্রার্থী দিয়েছে। আছে শক্ত প্রতিপক্ষ সিপিএম আর বিজেপিও। গতবার বিজেপির প্রার্থী পান ৮৫ হাজার ভোট। এবার বিজেপির রমরমা হাওয়ায় ওই ভোট আরও বাড়ার সম্ভাবনা। ফলে, জঙ্গিপুর এবার রাজ্যের অন্যতম নজরকাড়া আসন।

সিপিএমের মতো মমতাও পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে আসর গরম করছেন বলে অধীরের অভিযোগ। তিনি বলেন, সিপিএমের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে মমতা এই বঞ্চনার স্লোগান পেয়েছেন। এ ছাড়া সন্ত্রাস করে ভোট করতে শিখেছেন। বঞ্চনার অভিযোগ খারিজ করে তিনি বলেন, বছর বছর ‘যোজনা পরিকল্পনা খাতে’ কেন্দ্র পশ্চিমবঙ্গের আর্থিক বরাদ্দ বাড়িয়ে চলেছে। যেমন দুই বছর আগেও যেখানে এ রাজ্যের জন্য যোজনা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার ১৭৪ কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে ১২ হাজার ৩৮৭ কোটি করা হয়েছে। পিছিয়ে পড়া রাজ্যগুলোর জন্য বিশেষ কেন্দ্রীয় প্রকল্প ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ডের (বিআরজিএফ) আওতায় ২০১১ সালে পশ্চিমবঙ্গকে আট হাজার ৭৫০ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকায় অত্যাধুনিক হাসপাতাল, রাস্তা ইত্যাদি হওয়ার কথা ছিল। অধীর অভিযোগ করেন, মমতার সরকার কিছুই না করে টাকা ফেলে রেখেছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে গত সাত বছরে পাঁচ হাজার ১৭ কোটি টাকা দেওয়া হয়েছে। কিছুই খরচ করতে পারেনি। দরিদ্রদের জন্য ১০০ দিনের কাজের রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। কংগ্রেস সভাপতি পরিসংখ্যান দিয়ে বলেন, ২০১২-১৩ আর্থিক বছরে গ্রামের গরিবদের মিজোরাম ৮৮ দিন, ত্রিপুরা ৮৭ দিন, অন্ধ্রপ্রদেশ ৫৬ দিন, এমনকি আন্দামান দ্বীপপুঞ্জ ৫২ দিন কাজ দিয়েছিল। পশ্চিমবঙ্গ কাজ দিতে পেরেছে মাত্র ৩৫ দিন। অধীর তাই কটাক্ষ করলেন, পশ্চিমবঙ্গের সমস্যা কেন্দ্রের বঞ্চনা নয়, বরং টাকা পেয়েও তা কাজে লাগাতে দক্ষতার অভাব।

বহরমপুর থেকে তিন-তিনবার লোকসভায় গেছেন অধীর চৌধুরী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ছিলেন রেলের প্রতিমন্ত্রী। এমনকি প্রণব মুখোপাধ্যায়কে একবারও লোকসভা ভোটে জিততে না পারার গ্লানি থেকে মুক্তি দিতে তাঁকে নিজের জেলার জঙ্গিপুরে দাঁড় করান। পরপর দুইবার জিতিয়ে এনেছেন তাঁকে। প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় নিজের জেলা বীরভূমে বারবার দাঁড়িয়েও হেরে যাওয়ায় রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রাজ্যসভার সদস্য হিসেবে। বলা হয়, এ কারণেই অধীর চৌধুরীকে বামফ্রন্ট সরকার অসংখ্য খুনের মামলায় জড়িয়েছিল। এখন তাঁকে নিয়ে একই পথে হাঁটছে তৃণমূল।