আগের ধারণার চেয়ে পৃথিবীর বয়স কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকেরা দাবি করেছেন, পৃথিবীর বয়স আগে যা ধারণা করা হয়েছিল তার তুলনায় অনেক কম এবং গ্রহটি গঠিত হতে আগের ধারণার চেয়ে কমপক্ষে তিন গুণ বেশি সময় লেগেছে। সম্প্রতি নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গবেষকেরা হিসাব করে দেখেছেন, ৪৫৬ কোটি ৭০ লাখ বছর আগে সৌরজগৎ সৃষ্টি হয়। এর অনেক পরে সম্ভবত পৃথিবী গঠিত হয়েছে। পৃথিবীর পৃষ্ঠের উল্কাখণ্ড পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা দাবি করেছেন, আমাদের এই গ্রহ সম্ভবত ৪৪৬ কোটি ৭০ লাখ বছর আগে বর্তমান আকৃতিতে পৌঁছে। গবেষণাপত্রের একজন লেখক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক জন রুজ বলেন, ‘আমদের ধারণা পৃথিবীর বয়স ৪৪৬ কোটি ৭০ লাখ বছর। আগের হিসাব অনুযায়ী ধারণা করা হয়েছিল, এর বয়স ৪৫৩ কোটি ৭০ লাখ বছর। তবে পৃথিবীর কেন্দ্রভাগ গঠিত হতে কত সময় লেগেছিল তা জানার ওপরই নিশ্চিতভাবে বয়স নির্ধারণের হিসাবটি নির্ভর করছে। এই তথ্যটি এখনো বিজ্ঞানের অজানা অধ্যায়।’বিজ্ঞানীরা এর আগে ধারণা করেছিলেন, গ্যাস, ধুলা ও অন্যান্য বস্তুর সংমিশ্রণে পৃথিবী গঠিত হতে তিন কোটি বছর সময় লাগে। কিন্তু নতুন এই গবেষণাপত্রে বলা হচ্ছে, এত কম সময়ে নয়, বরং পৃথিবীর গঠনে ১০ কোটি বছর সময় লেগেছে। যা আগের হিসাবের তিন গুণেরও বেশি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদের ধারণা, সম্ভবত পৃথিবীর ৬০ শতাংশ বেশ দ্রুত গঠিত হয়েছে কিন্তু এর পরই এই গঠনপ্রক্রিয়া ধীরগতিতে এগোতে থাকে। সব মিলিয়ে পুরো পৃথিবীর গঠনে সময় লেগেছে ১০ কোটি বছর।পৃথিবী গঠনের সময় যে কেমিক্যাল আইসোটোপগুলো (রাসায়নিক পরমাণু কণা) সৃষ্টি হয়েছিল, সেগুলো পরীক্ষা করে তাঁদের সিদ্ধান্তে পৌঁছেছেন এই গবেষকেরা। এই আইসোটোপগুলোর সঙ্গে আধুনিক ইতিহাসে যে উল্কাগুলো পৃথিবীতে আঘাত হেনেছিল সেগুলোর আইসোটোপের তুলনা করেন বিজ্ঞানীরা। উল্কাগুলো মহাবিশ্বের এক ধরনের সময় নির্দেশক হিসেবে কাজ করে।ড. রুজ ও তাঁর সহকর্মীরা বলছেন, পুরো পৃথিবী মাত্র তিন কোটি বছরে গঠিত হয়নি। তবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ খুব দ্রুত সময়ে অর্থাৎ এক থেকে চার কোটি বছরের মধ্যে গঠিত হয়েছে। কিন্তু বাকি অংশ গঠিত হতে অনেক বেশি সময় লেগেছে। সূত্র: টেলিগ্রাফ।