আগ্রাসনকারীদের বিরুদ্ধে জিহাদ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা আইমান আল জাওয়াহিরি বলেছেন, মুসলমানদের ভূমি থেকে ‘আগ্রাসনকারীদের’ বিতাড়িত না করা পর্যন্ত তাঁদের জিহাদ চলবে। গত বুধবার একটি জিহাদি অনলাইন ফোরামে দেওয়া এক নতুন ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।২৮ মিনিটের ওই ভিডিও বার্তার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়েছে, জাওয়াহিরি যুক্তরাষ্ট্রকে আত্মতৃপ্তিতে না ভুগে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আল-কায়েদার অভিযান চলবে।মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটাই জাওয়াহিরির প্রথম ভিডিও বার্তা।ভিডিও বার্তায় লাদেনের প্রশংসা করে জাওয়াহিরি বলেন, এই নেতা যত দিন জীবিত ছিলেন, তত দিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রস্ত করে রেখেছিলেন। মৃত্যুর পরও লাদেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের ভীতির উৎস ও দুঃস্বপ্ন হয়ে থাকবেন।লাদেনের মরদেহ সাগরে সমাহিত করার জন্য জাওয়াহিরি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। সারা বিশ্বে লাদেনের কোটি কোটি অনুসারী রয়েছে, আর তাদের ভয়েই যুক্তরাষ্ট্র তাঁকে কোথাও কবরস্থ করার সাহস করেনি বলে জাওয়াহিরি উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা বিন লাদেনের মরদেহের ছবি প্রকাশ করেননি। কারণ, তাঁরা জানতেন যে ওই ছবি মুসলমানদের ক্ষুব্ধ করবে এবং তাদের মনে যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণার জন্ম দেবে।জাওয়াহিরি পাকিস্তানের সেনাবাহিনী ও রাজনীতিবিদদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে সেই সব বিশ্বাসঘাতক সামরিক কর্মকর্তা ও দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি, যাঁরা পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কলোনিতে রূপান্তরিত করেছেন। রয়টার্স, পিটিআই।