আগ্রায় ধর্ষণ থেকে বাঁচতে হোটেল থেকে লাফ বিদেশি নারীর
ভারতের আগ্রায় ধর্ষণের হাত থেকে বাঁচতে একটি হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন যুক্তরাজ্যের একজন নারী পর্যটক। ওই নারী আহত হয়ে এখন হাসপাতালে।পুলিশ জানায়, যুক্তরাজ্যের ওই নারী পর্যটক হোটেল আগ্রা মহলের দ্বিতীয় তলায় একটি কক্ষে উঠেছিলেন। গত সোমবার দিবাগত রাত চারটার দিকে দুই ব্যক্তি তাঁর কক্ষে ঢোকার চেষ্টা করে। এ সময় তিনি আতঙ্কে জানালা দিয়ে লাফ দেন। এতে তিনি পায়ে আঘাত পান। আগ্রার পুলিশ ওই পর্যটকের নাম প্রকাশ করেনি। তাঁর বয়স প্রায় ৩০।এর আগে গত শুক্রবার রাতে ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় আট ব্যক্তি এক সুইস নারীকে তাঁর স্বামীর সামনেই ধর্ষণ করে। সুইস এই দম্পতি ইরান সফর শেষে গত মাসে মুম্বাইয়ে আসেন। এরপর তাজমহল দেখার উদ্দেশ্যে তাঁরা সাইকেলে চড়ে আগ্রার দিকে যাচ্ছিলেন।ঘটনার দিন মধ্য প্রদেশের টিকামগড় জেলার ওড়চা শহরে কয়েকটি রামমন্দির পরিদর্শন শেষে সুইস দম্পতি তাজমহলে যাচ্ছিলেন। পথে রাত কাটানোর জন্য দাতিয়ার এক জঙ্গলের পাশে তাঁবু খাটানোর চেষ্টা করেন। রাত নয়টার দিকে আটজন লোক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে।আগ্রার পুলিশ সুপার পবন কুমার বলেন, যুক্তরাজ্যের ওই নারী ভয় পেয়ে জানালা দিয়ে লাফ দেন।হাসপাতালে ওই পর্যটকের সঙ্গে থাকা আরেক কর্মকর্তা জানান, এর আগে হোটেলের ব্যবস্থাপক ওই নারীকে শরীর মালিশের প্রস্তাব দিলে তিনি তা নাকচ করেন। এরপর তিনি দ্বিতীয় এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে চাবি দিয়ে তাঁর কক্ষ খোলার চেষ্টা করেন।আগ্রার সহকারী পুলিশ সুপার স্মরণজিত বলেন, হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই নারীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তিনি খুব ভয় পেয়েছেন। তিনি আর ভারতে থাকতে চান না।হোটেলের এক কর্মী জানান, ‘সকালের ট্রেন ধরার জন্য ওই পর্যটক যাতে সময়মতো ঘুম থেকে উঠতে পারেন, সে জন্য ব্যবস্থাপক দরজায় ধাক্কা দেন। তবে তিনি কী মনে করেছেন জানি না। তিনি জানালা দিয়ে লাফ দেন।’ এএফপি।