আচমকা লোকপাল বিল পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার রাজ্যে নির্বাচনী বিপর্যয়, বিশেষ করে দিল্লিতে আম আদমি পার্টির (এএপি) হাতে গোহারা পরাজয়ের পর কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একেবারে আচমকাই রাজ্যসভায় লোকপাল বিল পেশ করল। গতকাল শুক্রবার চূড়ান্ত হট্টগোলের মধ্যে এই বিল পেশ হলেও সমাজবাদী পার্টি ও বিজেপির আপত্তির কারণে শেষ পর্যন্ত তা পাস হবে কি না সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

সংশয়ের কারণ লোকপাল নিয়ে সরকারের তেমন একটা আগ্রহ ছিল না। কিন্তু একদিকে অপ্রত্যাশিত নির্বাচনী বিপর্যয়, অন্যদিকে মহারাষ্ট্রে নিজের গ্রামে জন লোকপাল বিলের দাবিতে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে নতুন করে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসায় কংগ্রেস তড়িঘড়ি লোকপাল বিল পেশে আগ্রহী হয়ে পড়ে। তুমুল হট্টগোলের মধ্যে কার্মিক (পার্সোনেল) প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী সংশোধিত লোকপাল বিল পেশ করেন।

এএপি ও আন্না হাজারে কোনো পক্ষই সরকারের এই লোকপাল বিলকে মেনে নিচ্ছে না। এএপির শীর্ষ নেতারা তাঁদের তৈরি জন লোকপাল বিলের বাইরে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করছেন। মনীশ সিসোদিয়া বলেছেন, এই বিলটি ‘টেকনিক্যালি দুর্বল’। তাই সমর্থনযোগ্য নয়। অনশনরত আন্না বলেছেন, তাঁর আন্দোলন জন লোকপাল বিলের জন্য, সরকারি লোকপালে তাঁর সম্মতি নেই।

বিজেপির নেতা অরুণ জেটলি বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটি লোকপাল বিলে যেসব পরিবর্তন ঘটানোর পক্ষে ছিল, সেগুলো সংশোধিত এই বিলে রাখা প্রয়োজন। বিজেপি সরকারি নিয়ন্ত্রণহীন সিবিআইয়ের পক্ষে। তা ছাড়া অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরুরও পক্ষে। সংশোধিত এই বিলে সিবিআইকে স্বশাসন দেওয়া হয়নি। কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর আগে তাঁদের শোকজ করার কথা বলা হয়েছে।

সমাজবাদী পার্টি বরাবর কংগ্রেসকে সমর্থন জানিয়ে এলেও লোকপাল প্রশ্নে তারা বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নেতা মুলায়ম সিং যাদব শুক্রবার বলেছেন, এই লোকপাল বিলের কোনো শক্তিই নেই। তাঁর দলের সুপারিশ, মূল্যবৃদ্ধি রোখা গেলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সরকার বরং সেই দিকেই নজর দিক।

চলতি মাসের ২০ তারিখে সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ, আর মাত্র পাঁচ দিন পড়ে আছে সংসদের অধিবেশন শেষ হতে। তার মধ্যে লোকপাল বিল নিয়ে আলোচনা শেষ হবে কি না সেটাই বড় প্রশ্ন। রাজ্যসভায় বিলটি উত্থাপিত হওয়ায় বিলটি জিইয়ে থাকবে। এর আগে লোকপাল বিল লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস হতে পারেনি। সংসদের স্থায়ী কমিটির একটি সুপারিশ এই বিলে সরকার মেনে নিয়েছে। তদন্তকারী অফিসারকে সরাতে গেলে লোকপালের সম্মতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।