আজ কলকাতায় যাচ্ছেন হিলারি ক্লিনটন, আগামীকাল মমতার সঙ্গে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ রোববার দুপুরে দুই দিনের সফরে কলকাতায় যাচ্ছেন। বিকেলে তিনি আইসিসিআরের বেঙ্গল গ্যালারিতে কলকাতার বিশিষ্টজনদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর তিনি কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করবেন।কাল সোমবার সকালে কলকাতার রাজ্য সচিবালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গে মার্কিন বিনিয়োগ নিয়ে কথা বলবেন দুই নেত্রী।এদিকে হিলারি-মমতা বৈঠক ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজ্য সচিবালয়। এটি এখন এক কথায় মার্কিন গোয়েন্দাদের দখলে। সোমবার বেলা ১১টায় হিলারির আসার কথা রাজ্য সচিবালয়ে। থাকবেন ৪৫ মিনিট। সচিবালয়ের মূল প্রবেশপথ সকাল নয়টার পর বন্ধ করে দেওয়া হবে। এই পথ দিয়ে কেবল মমতা এবং হিলারি ও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব প্রবেশ করতে পারবেন। বাকি মন্ত্রী এবং অন্য সচিবদের প্রবেশ করতে হবে অন্য পথ দিয়ে। নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনের করিডরের সব জানালা বন্ধ রাখা হচ্ছে।হিলারি ক্লিনটন দোতলায় মমতার কক্ষে লিফটে না উঠে হেঁটেও উঠতে পারেন। সেই ব্যবস্থাও রাখা হয়েছে। বৈঠকে মমতা নিজের আঁঁকা একটি ছবি, দার্জিলিংয়ের চা ও কলকাতার মিষ্টি হিলারিকে উপহার দেবেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।হিলারির চিকিৎসার জন্য কলকাতার প্রথম সারির তিনটি হাসপাতাল এবং ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োজিত রাখা হয়েছে। প্রস্তুত থাকছে ছয়টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। হিলারি থাকবেন কলকাতার ঐতিহ্যবাহী তাজবেঙ্গল হোটেলে। সোমবার দুপুরের পর তিনি যাবেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বিক্ষোভ দেখাবে লিবারেশনএদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রতিবাদে সোমবার কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখাবে সিপিআই-এমএল লিবারেশন। দলের রাজ্য সম্পাদক দীপংকর ভট্টাচার্য বলেছেন, ‘আমরা হিলারির এই সফরের প্রতিবাদে বিভিন্ন স্থানে কালো পতাকা দেখাব। প্রতিবাদ মিছিল করব।’সিপিএম, আরএসপিও হিলারির সফরের প্রতিবাদ করেছে। আরএসপির কেন্দ্রীয় নেতা মনোজ ভট্টাচার্য বলেছেন, হিলারি ক্লিনটন সাম্রাজ্যবাদী পুঁজির বিশ্বস্ত অনুচরের সঙ্গে দেখা করতে এসেছেন, অবাক হওয়ার কী আছে?