আজ তাদের বিয়ে
ভালোবাসা দিবসটি স্মরণীয় করে রাখতে কত জুটি কতভাবেই না দিনটি উদ্যাপন করে। প্রিয় মানুষটিকে চমকে দিতে তাদের কত না চেষ্টা। কিন্তু চীনের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবারের ভালোবাসা দিবসটি স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে। আজ মঙ্গলবার ভালোবাসা দিবসে একটি পুরুষ ভেড়ার সঙ্গে একটি স্ত্রী হরিণের বিয়ে দিতে যাচ্ছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উনান প্রদেশের কুনমিং শহরের ওয়াইল্ডলাইফ পার্ক।বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া ভেড়াটির নাম দেওয়া হয়েছে চাংমাও (যার চীনা অর্থ লম্বা চুল) ও হরিণটির শুনঝি (যার অর্থ নিষ্পাপ)।চাংমাও ও শুনঝির মধ্যে অনেক দিন ধরে বেশ ভাব লক্ষ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর তারা তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চাংমাও ও শুনঝির বিয়ে উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৫০০ বিশেষ টিকিট ছেড়েছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ উয়ান (প্রায় ১০ ডলার)। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাণী দুটির বিয়ে নিয়ে যেন মানুষের বিয়েশাদির মতো আচার-অনুষ্ঠান করা না হয়। জীববিদ্যাবিদ ওয়াং দাজুয়ান বলেন, ‘তাদের নিজেদের মতো করে চলতে দেওয়া উচিত।’ অনলাইনে এ বিয়ের খবর ছড়িয়ে পড়লে চারদিকে হইচই পড়ে যায়। ভেড়া ও হরিণটিকে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় পড়ে গেছে। বিয়েতে ভেড়া ও হরিণটিকে বিয়ের পোশাক পরানো হবে। এএফপি ও বিবিসি।