দার্জিলিংসহ উত্তরবঙ্গের চার আসন দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটপর্ব। আলীপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং—এই চার আসনে ভোট হলেও পশ্চিমবঙ্গসহ গোটা দেশের নজরটা অবশ্যই থাকবে পাহাড়ের দিকে।
পাহাড়ের মানুষের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়াকে। আর মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে জেতানোর চেষ্টা করছে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। বিজেপি যেহেতু বড় রাজ্য ভেঙে ছোট রাজ্য করার পক্ষপাতী, তাই তাদের পাশে নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি প্রতিষ্ঠা করতে চায় মোর্চা।
কিন্তু এ কারণেই পাহাড়ের সঙ্গে সমতলের মানুষের একটা বিভাজন দেখা দিয়েছে। সিপিএম, কংগ্রেসের মতো রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তিও পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার ঘোরতর বিরোধী। ফলে দার্জিলিংয়ের ভোট একদিকে মমতার সঙ্গে গুরুংদের মর্যাদার লড়াই, অন্যদিকে পাহাড়ের সঙ্গে সমতলের বিরোধের প্রতীকী গণভোট হয়ে উঠেছে।
তৃণমূল ও বিজেপি ছাড়াও এ লড়াইয়ে আছে সিপিএম ও কংগ্রেস। সিপিএমের দীর্ঘদিনের সাংসদ আনন্দ পাঠকের ছেলে সমন পাঠক এখানে দলের প্রার্থী। তিনিও পাহাড়েরই মানুষ। কংগ্রেস প্রার্থী করেছে সমতলের (শিলিগুড়ির) সুজয় ঘটককে। দার্জিলিংয়ের মোট ভোটার ১৪ লাখ ২২ হাজার। এর মধ্যে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং—এই তিন বিধানসভা কেন্দ্র পাহাড়ে, মোর্চার প্রভাবও এই তিন এলাকায় সবচেয়ে বেশি। পাহাড়ে প্রায় ছয় লাখ ভোট, নিচে সমতলে প্রায় আট লাখ। গতবারও মোর্চার সমর্থনে বিজেপির যশবন্ত সিং (বাজপেয়ি মন্ত্রিসভার অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী) এখান থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন। মোর্চার নেতৃত্বের হিসাবে পাহাড়ের ছয় লাখ ভোটের মধ্যে বেশির ভাগই নিজেদের (বিজেপির) প্রার্থীর দিকে টানতে পারলে জয় নিশ্চিত। কারণ, সমতলে ভোট কাটাকুটি করবে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস।
এটা ঠিক যে সমতলে দার্জিলিং লোকসভার আওতায় থাকা চার বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি ও চোপরায় কংগ্রেস ও সিপিএমের ভালোই ভোট রয়েছে। ২০০৯ সালের নির্বাচনেও কংগ্রেস সেখানে এক লাখ ৮০ হাজার ভোট পেয়েছিল। পাহাড় ও সমতল মিলিয়ে সিপিএম পেয়েছিল দুই লাখের বেশি ভোট। ফলে সিপিএম এবং কংগ্রেস নিজেদের ভোটের বেশির ভাগ ধরে রাখতে পারলে পাহাড়ে বড় একটা ধাক্কা খেতে পারেন মমতা।
কিন্তু সমস্যা আছে বিজেপিরও। গতবার (২০০৯ সালে) বিজেপির যশবন্ত সিং খোলাখুলিই পৃথক গোর্খাল্যান্ড দাবিকে সমর্থন করেছিলেন। এবার আলুওয়ালিয়া বা তাঁর দল তা করতে পারছে না। বিজেপি এবারই প্রথম এ রাজ্যের ৪২টি আসনেই লড়ছে। ফলে পশ্চিমবঙ্গের পাহাড়ে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করলে সমতলে অন্যান্য আসনে বিজেপিকে ভোটদাতাদের রোষের মুখে পড়তে হতে পারে।
মমতার শিবির পাল্টা চালে পাহাড়ের ভোট ভাগ করার চেষ্টা চালাচ্ছে। সে জন্য সিকিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মহেন্দ্র পি লামাকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে। পাহাড়ে মোর্চার প্রভাবে ফাটল ধরাতে মমতা সরকার সেখানকার লেপচা জনজাতির জন্য আলাদা উন্নয়ন পরিষদ গঠন করেছে। উদ্দেশ্য, লেপচাদের আনুগত্য আদায়। কিন্তু লেপচাদের জনসংখ্যা খুবই কম এবং তা কালিম্পংয়ে সীমাবদ্ধ।
গত বছর পাহাড়ে মমতার জনসভায় গোর্খাল্যান্ড নিয়ে স্লোগান তোলায় মোর্চা সমর্থকদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি রাফ অ্যান্ড টাফ হতে জানি। ওসব বরদাস্ত করব না।’ মোর্চা নেতাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে কথা রেখেছিলেন। কয়েক বছর আগে দার্জিলিং শহরে দিনের বেলায় গোর্খা লিগের প্রবীণ নেতা মদন তামাংকে মোর্চা সমর্থকেরা হত্যা করে। কিন্তু পাহাড়ে শান্তি আনার তাগিদে মমতা সরকার ক্ষমতায় এলেও আইনি ব্যবস্থা না নিয়ে ওই মামলা ঝুলিয়ে রাখে। সেসব মামলাতেই পুলিশ ধরপাকড় শুরু করে। পরে বিমল গুরুংরা সুর নরম করলে তাঁদের ছাড়া হয়। এবারও ভোটের মুখে বিমল গুরুং, তাঁর স্ত্রী আশা গুরুংসহ মোর্চার শীর্ষস্থানীয় প্রায় সব নেতার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের ভয় দেখাতে শুরু করে রাজ্য সরকার। শেষে হাইকোর্টে গিয়ে আগাম জামিন পেয়ে নির্বাচনী প্রচারে নামেন গুরুংরা।
তূণমূলের বাইচুং ভুটিয়া যেহেতু সিকিমের মানুষ, তাই তাঁকে নিয়ে আবেগ নেই পাহাড়ের লোকজনের। আবার বিজেপির আলুওয়ালিয়াও বহিরাগত। তবে অতীতে অন্তত তিনবার দার্জিলিংয়ের মানুষ বহিরাগতকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছে (দুবার ইন্দরজিৎ খুল্লারকে, একবার যশবন্ত সিংকে)। সিপিএম ও কংগ্রেস বহিরাগতদের বিরুদ্ধে সোচ্চার হলেও তা রেখাপাত করছে না পাহাড়বাসীর মনে। ‘দার্জিলিং পাহাড়কে পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে দেব না’—এই জিগির যদি সমতলের ভোটারদের আবেগকে খুঁচিয়ে তোলে, তাহলে সব ভোট এক জায়গায় (তৃণমূলের দিকে) সরে যেতে পারে। আশঙ্কার এই চোরাস্রোত এই দুই শিবিরেই রয়েছে। তবে এখন পর্যন্ত বিজেপির বাড়বাড়ন্তের হাওয়া দার্জিলিংয়ে ‘মমতার মর্যাদার লড়াইকে’ শক্ত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
এমনিতে উত্তরবঙ্গে মমতার দল এখনো সাংগঠনিক শক্তিতে বেশ দুর্বল। তৃণমূল কোচবিহারে এগিয়ে থাকলেও আলীপুরদুয়ার ও জলপাইগুড়িতে এগিয়ে আছে বামপন্থীরা।