আজ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন আজ রোববার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৮) ও হেনরিক ক্যাপরিলস (৪০)। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় বছরের জন্য দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারিত হয়ে যাবে এই নির্বাচনের মধ্য দিয়ে।দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এ নির্বাচন চাভেজের জন্য এক কঠিন পরীক্ষা। তিনি ১৯৯৯ সাল থেকেই দেশটির প্রেসিডেন্ট। তিনি ২০১১ সালের জুনে তাঁর দেহে ক্যানসার টিউমার ধরা পড়ার বিষয়টি ঘোষণা দেন। অস্ত্রোপচারের মাধ্যমে ওই টিউমার অপসারণ করা হয়। তবে বর্তমানে তিনি ক্যানসারমুক্ত বলে জানিয়েছেন। চাভেজের প্রতিদ্বন্দ্বী ক্যাপরিলস দেশটির মিরান্ডা রাজ্যের সাবেক গভর্নর। মাত্র ২৬ বছর বয়সে তিনি কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। জীবনে কোনো নির্বাচনেই হারেননি ক্যাপরিলস। গত ফেব্রুয়ারিতে বিরোধী দলের প্রাইমারিতে প্রথমবারের মতো তিনি প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন। তিনিই ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর বড় আশার প্রতীক। উভয় প্রার্থীই গত শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষ করেন। চাভেজ রাজধানী কারাকাসে এদিন এক সমাবেশে ভাষণ দেন। তিনি হাজার হাজার সমর্থকের উদ্দেশে বলেন, সামাজিক সংস্কার সংহত করতে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ক্যাপরিলস বলেছেন, তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চান। দেশটির ভোটার সংখ্যা প্রায় এক কোটি ৯০ লাখ। এএফপি, বিবিসি, হাফিংটন পোস্ট।