আজ সূর্যাস্তের মধ্যে দাবি পূরণ না হলে...
জর্ডানে বন্দী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আত্মঘাতী দলের একজন নারী সদস্যকে মুক্তি দিতে আজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা জিম্মি হিসেবে রাখা একজন জর্ডানি বৈমানিককে হত্যা করবে তারা হুমকি দিয়েছে। এএফপির খবরে এ কথা জানানো হয়।
আইএসের পাঠানো এক অডিওবার্তায় জানানো হয়, জর্ডানে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আইএসের ইরাকি নারী সদস্য সাজিদা আল রিশাইয়ের মুক্তি না দেওয়া হলে আইএসের হাতে জিম্মি হিসেবে আটক জর্ডানি বৈমানিক মাজ আল কস্যাবেকে হত্যা করা হবে। অডিওবার্তায় ব্যবহৃত কণ্ঠ জাপানি স্বাধীন সাংবাদিক কেনজি গোতোর বলে শনাক্ত করা হয়।
ওই জঙ্গিগোষ্ঠীর হাতে জিম্মি গোতোর ভবিষ্যৎ নিয়েও দুরু দুরু চিত্তে অপেক্ষা করছে টোকিও। তাকেও মোটা অঙ্কের অর্থের দাবিতে আটক রাখা হয়েছে। দাবি না মিটলে ওই সাংবাদিককে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
জাপানের অপর স্বাধীন সাংবাদিক হারুনা ইয়ুকাওয়াকেও বন্দী করেছিল আইএস। গোতো ও হারুনার মুক্তিপণ হিসেবে ২০ কোটি ডলার দাবি করে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ওই অর্থ না দেওয়ায় হারুনাকে হত্যা করা হয়।