আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনে খসড়া চুক্তি করেছে সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনে সদস্য দেশগুলোকে সহায়তা করার বিধান রেখে একটি খসড়া চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামে আসিয়ানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরুর আগে এই চুক্তি সই হয়। পরে রাজধানী হ্যানয়ে দুই দিনের এই সম্মেলন শুরু হয়।মূলত অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত হয় অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান। ২০০৮ সালে জোটের ১০টি সদস্য দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি একক আঞ্চলিক জোট গড়ে তোলার লক্ষ্যে একটি সনদে সই করে। ২০১৫ সালের মধ্যে ওই অঞ্চলের ৬০ কোটি মানুষের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন জোট নেতারা।গতকালের চুক্তিতে বলা হয়েছে, আসিয়ান নেতারা ওই অঞ্চলকে একটি নিয়মতান্ত্রিক সংস্থায় পরিণত করতে চান। বাস্তব, দক্ষ ও গ্রহণযোগ্য কার্যপদ্ধতির মাধ্যমে কার্যকর ও সময়োপযোগীভাবে দ্বন্দ্ব সমাধানে সদস্যদের সহযোগিতা করবেন তাঁরা। আসিয়ান সনদ বা আসিয়ানের অন্যান্য চুক্তি সংশ্লিষ্ট দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে এই খসড়া চুক্তি কার্যকর হবে। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পারিক বিরোধ ও দ্বন্দ্ব মেটাতে এই চুক্তি সহায়ক ভূমিকা রাখবে।ষাট ও সত্তরের দশকের যুদ্ধ ও সংঘাত পার করে গত দুই দশক ধরে এ অঞ্চলের দেশগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বন্দ্বও বজায় আছে। একটি বিতর্কিত মন্দির নিয়ে ২০০৮-এর জুলাই থেকে সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। অন্যান্য দেশগুলোর মধ্যেও কমবেশি বিরোধ রয়েছে। এএফপি।