আঞ্চলিক নেতাদের মন জয়ে সচেষ্ট মোদির সরকার
সরকার গঠনের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একমাত্র দুশ্চিন্তা এখন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা, সরকার চালাতে যা একান্তই জরুরি। দলটি তাই আঞ্চলিক জয়ললিতা, নবীন পট্টনায়ক, চন্দ্রশেখর রাও, জগনমোহন রেড্ডি, করুণানিধি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের মন জোগাতে আগ্রহী। রাজ্য চালাতে মুখ্যমন্ত্রীরাও সেই সমর্থনের বিনিময়ে যথাসম্ভব কেন্দ্রীয় সহায়তা আদায়ে সচেষ্ট হবেন।
ওডিশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গতকাল সোমবার দলের সাংসদদের নিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি ওডিশাকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার পাশাপাশি অন্যান্য দাবি পেশ করেন। জানিয়ে গেলেন সরকারকে বিষয়ভিত্তিক সমর্থনের কথা৷ অবশ্য সরকারে যোগদানের বিষয় নিয়ে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি৷
আজ মঙ্গলবার রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নতুন রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও। সীমান্ধ্রের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শপথ নেবেন ৮ জুন। তাঁরা সবাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার দরজা খোলা রাখছেন। ব্যতিক্রম শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনো নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাননি। সরকারকে বিষয়ভিত্তিক সমর্থন নিয়েও কোনো ইঙ্গিত এখনো দেননি।
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। সেই অধিবেশন শুরুর প্রাক্কালে এই মুহূর্তে জোর রাজনৈতিক জল্পনা লোকসভার ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে। জয়ললিতার দিল্লি সফরের প্রাক্কালে শোনা যাচ্ছে, তাঁর মন পেতে এআইএডিএমকে-কে লোকসভার ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হতে পারে। ১৯৭০ সাল থেকে বিরোধীদের এই পদটি ছেড়ে দেওয়ার রেওয়াজ শুরু। কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে এবং রাজ্যসভায় অন্য বিরোধীদের সমর্থন পেতে বিজেপি যদি তা করে, তাহলে কংগ্রেস আরও অপদস্থ হবে। এমনিতেই কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, কংগ্রেস মোট আসনের ১০ শতাংশও (৫৪) জিততে পারেনি।
লোকসভার ডেপুটি স্পিকারের পদে নির্বাচন হয়। রীতি অনুযায়ী মূল বিরোধী দলের যিনি প্রার্থী হন, তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এবার পরিস্থিতি ভিন্ন। কংগ্রেস পর্যুদস্ত। কংগ্রেসবিরোধীরা কংগ্রেসকে আরও বিপাকে ফেলতে যদি শাসক দলের সঙ্গে বোঝাপড়ায় আসে, তাহলে এই আসনটিও কংগ্রেস হারাতে পারে। জয়ললিতার সফরের আগে এই রাজনৈতিক জল্পনা প্রবল হয়ে উঠেছে।
ডেপুটি স্পিকারের প্রশ্নে অন্য বিরোধী দলগুলোর মধ্যে মিল তাদের কংগ্রেসবিরোধিতায়। বিজেপি তা কাজে লাগাবে কি না, সেই প্রশ্ন অবশ্য স্বতন্ত্র। দলের কেউ প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য এখনো করেননি।
সারা দেশের মোট ১১টি রাজ্য বিশেষ মর্যাদার অধিকারী। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড। গত বছর থেকে বিহার ও ওডিশা এই দাবি জানিয়ে আসছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএ থেকে বেরিয়ে আসার পর কংগ্রেস সরকার রাজ্যের জন্য বিশেষ অনুদান দিলেও বিশেষ রাজ্যের মর্যাদা দেয়নি। ওডিশার ক্ষেত্রে মোদি সরকার কী করবে? নবীন পট্টনায়ক বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি সম্পর্কে যথেষ্ট সহানুভূতিশীল।’